ইউক্রেনে ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার হামলা, ২৬ প্রাণহানি
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ হামলাকে ‘ভয়াবহ নৃশংসতা’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির

দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে গতকাল সোমবার হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া প্রথম দিকে ২৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গিয়েছিল। অঞ্চলটির প্রধান মিখাইলো সেমিকিন জানিয়েছেন, অন্তত ৩ হাজার কেজি ওজনের নয়টি বোমা গ্রামটিতে আঘাত হানে।
জেলেনস্কি বলেন, স্থানীয় একটি বিদ্যালয় মানবিক সহায়তা কার্যক্রমের কাজে ব্যবহৃত হচ্ছিল। সেখানে প্রথম দফায় হামলার পর মানুষ আশ্রয় নিয়েছিল এমন একটি স্থানেও দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।
সোমবারের হামলায় সৃষ্ট বিশাল গর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি। এতে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়। এ হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনী প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
প্রথম দিকে জেলেনস্কি নিহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছিলেন। পরে ইউক্রেনের জরুরি পরিস্থিতিবিষয়ক রাষ্ট্রীয় সংস্থা ডিএসএনএস জানায়, হামলায় দুই উদ্ধারকর্মী ও চার পুলিশ সদস্যসহ ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সোমবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির সময় রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের যৌথ অভিযান সফল হয়েছিল।
সেই প্রসঙ্গ টেনে জেলেনস্কি বলেন, ‘এরপর এমন একটি মুহূর্ত এসেছিল, যখন পরবর্তী পদক্ষেপগুলো দেখাতে পারত যে শান্তি সম্ভব। এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে রাশিয়া সম্পূর্ণ বিপরীত বার্তা দিচ্ছে। রাশিয়া আরও হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার ওপর নির্ভর করছে।
অন্যদিকে, সেমিকিন এ হামলাকে গ্রামের জন্য ‘ভয়াবহ বিপর্যয়’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। তবে ওই এলাকায় রাশিয়ার ড্রোন হামলার কারণে কয়েক দফায় উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছে। এ হামলার ঘটনায় মঙ্গলবার পুরো জাপোরিঝঝিয়া অঞ্চলে শোক দিবস ঘোষণা করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা আবারও শুরু হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে আলোচনা স্থগিত হওয়ার পর ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে মস্কো। অন্যদিকে, ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় শেষ হয়ে এসেছে কিয়েভের।
আসন্ন আলোচনায় বড় কোনো অগ্রগতির সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। উইটকফ জানিয়েছেন, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা, উত্তেজনা প্রশমন, মানবিক সহায়তা এবং শান্তির পথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে। এ সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় ও ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন মার্কিন আলোচকেরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.