আপনি পড়ছেন

দেশের সামগ্রিক যোগাযোগ নেটওয়ার্ক ও পানিসম্পদ অবকাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারাজ নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।

বৈঠকে মেগা প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরে জানানো হয়, বর্তমানে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরে এই সমীক্ষা সমাপ্ত হবে। সমীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতেই সেতু দুটির সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান, অবকাঠামোগত নকশা ও প্রাক্কলিত প্রকল্প ব্যয় চূড়ান্ত করার সিদ্ধান্ত রয়েছে।

প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর ক্ষেত্রে ওয়াই-আকৃতির সংযোগ কাঠামো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এই সংযোগ বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন গতি আসবে। একই সঙ্গে মোংলা সমুদ্রবন্দরসহ বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে একটি কৌশলগত বিকল্প যোগাযোগ করিডোর উন্মোচিত হবে। এছাড়া দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে রংপুরসহ গোটা উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

যোগাযোগ অবকাঠামোর পাশাপাশি পদ্মা ব্যারাজ প্রকল্পের বহুমুখী ব্যবহার নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর নাব্য ও স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য সুরক্ষার বিষয়গুলো এতে প্রাধান্য পায়। পাশাপাশি ব্যারাজটির ওপর দিয়ে সড়ক যোগাযোগ চালুর কৌশলগত দিক নিয়েও আলোচনা করেন নীতিনির্ধারকেরা। পুরো কর্মযজ্ঞ দ্রুত বাস্তবায়নে বৈদেশিক ও অভ্যন্তরীণ অর্থায়ন, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পারস্পরিক সমন্বয়ের ওপর বৈঠকে জোর দেওয়া হয়।

উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

এছাড়া প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহা. এনামূল হক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন ও পদ্মা ব্যারাজের প্রকল্প পরিচালক মাহমুদ হাসান বৈঠকে অংশ নেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.