সীমান্ত সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় নিরাপত্তা সুসংহত করা এবং অভিবাসন সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশাসনিক কার্যক্রমের ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক সংযোগ রক্ষায় নিয়ামক ভূমিকা রাখছে।

বুধবার ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। 'বাংলাদেশে অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে কৌশলগত রূপরেখা (২০২৭-২০৩১)' শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিচালনায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি বৈধ ভ্রমণ ও বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন করতে হবে। সরকার ইতোমধ্যে 'জাতীয় সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কৌশল ২০২৬-২০৩১' এবং 'পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন রূপরেখা ২০২৬-২০৩১' গ্রহণ করেছে। এসব পরিকল্পনার আওতায় ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, কাগজবিহীন প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন এবং বিভিন্ন সরকারি সেবার আন্তঃসংযোগ বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অভিবাসন কার্যক্রমে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক নীতির সমন্বয়ে বিমানবন্দর, স্থলবন্দর এবং অভিবাসন তল্লাশিচৌকিগুলোর কর্মক্ষমতা বাড়ানো প্রয়োজন। তবে সীমান্ত নিরাপত্তাকে প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি মানবাধিকার ও পেশাদার মানদণ্ডে পরিচালিত করার ওপরও জোর দেন তিনি।
বহুজাতিক অপরাধ, মানব পাচার এবং অবৈধ অভিবাসন প্রতিহত করতে একক উদ্যোগের পরিবর্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ সমন্বয়ের নির্দেশ দেন সালাহউদ্দিন আহমদ। তিনি আইওএমের ২০২৭-২০৩১ মেয়াদের কৌশলগত রূপরেখাকে সমর্থন জানান এবং উন্নয়ন সহযোগীদের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এ ধরনের আন্তর্জাতিক অংশীদারত্ব আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে আইওএমের বাংলাদেশ মিশন প্রধান ড. লরা টম বন্ডে জানান, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বৈশ্বিক গতিপ্রকৃতির পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে দক্ষ জনবল ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন এবং এসব অগ্রাধিকার বাস্তবায়নে সংস্থাটি সহায়তা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসান এবং উপপুলিশ মহাপরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া কানাডার হাইকমিশনার অজিত সিং এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আলোচনায় অংশ নেন।
আলোচনায় আইওএমের কৌশলগত রূপরেখার চারটি প্রধান ক্ষেত্র তুলে ধরা হয়। এগুলো হলো সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যবস্থা ও তথ্য আদান-প্রদান, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং সুনির্দিষ্ট সীমান্ত পয়েন্টের অবকাঠামোগত উন্নয়ন। এই রূপরেখাটি সরকারের জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ মেয়াদি কৌশলগত সংস্কারের আলোকে প্রণয়ন করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.