আপনি পড়ছেন

জনগণের প্রয়োজনে সময়ের সঙ্গে সংবিধান সংশোধন করা যেতে পারে, তবে জাতীয় ঐক্যের ভিত্তিতে রচিত ১৯৭২ সালের সংবিধানকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। এমন মন্তব্য করেছেন প্রখ্যাত আইনবিদ ও সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন। তিনি সতর্ক করে বলেন, একটি ‘অশুভ শক্তি’ বর্তমানে সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টি করে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

ড. কামাল হোসেন: বাহাত্তরের সংবিধান অবমূল্যায়নের সুযোগ নেই
গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সংবিধান দিবস’ উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন ১৯৭২ সালের দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। অনুষ্ঠানে তাঁর পক্ষে লিখিত বক্তব্যটি পড়ে শোনান দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে ড. কামাল উল্লেখ করেন, লাখো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের সংবিধান মূলত জনগণের আশা-আকাঙ্ক্ষার দলিল, কারণ দেশের প্রকৃত মালিক জনগণ। শোষণ ও ধর্মীয় বৈষম্যহীন একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণই ছিল জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মূল লক্ষ্য। বাহাত্তরের সংবিধানের প্রতিটি অনুচ্ছেদে সেই আদর্শ প্রতিফলিত হয়েছে। তাই সংবিধানে সন্নিবেশিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং জনগণের মৌলিক অধিকার কোনো অবস্থাতেই কেড়ে নেওয়া যাবে না।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করা, দুর্নীতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সন্ত্রাস দূর করে জননিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এছাড়া লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, এটি করতে ব্যর্থ হলে দেশ বিশৃঙ্খলার মুখে পড়বে। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করতে মুক্তিযুদ্ধের লক্ষ্যের আলোকে স্থিতিশীল সরকার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই লক্ষ্য অর্জনে আসুন সব মতভেদ ভুলে আমরা একসঙ্গে এগিয়ে যাই এবং একটি উন্নত দেশ গড়ে তুলি।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটিতে বিরোধী দলের যোগ না দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘তারা সব সংসদীয় কমিটিতে যোগ দিচ্ছে, বৈঠকে অংশ নিচ্ছে এবং সদস্য হিসেবে নাম দিচ্ছে; কিন্তু সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিচ্ছে না। এটি কেমন অবস্থান? তারা ৩৪টি সংসদীয় কমিটিতে নাম দিলেও এই কমিটিতে নাম দেয়নি। এর পেছনে কারণ কী?’ তিনি বিরোধীদের সংসদীয় আলোচনায় অংশ নিয়ে নিজস্ব মতামত তুলে ধরার এবং সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান।

আলোচনায় অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংস্কারের মূল লক্ষ্যগুলো এখনো বাস্তবায়িত হয়নি। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা সম্ভব হয়নি এবং যেসব দাবি তোলা হয়েছিল, তাও পূরণ করা যায়নি। এছাড়া সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ১৯৭২ সালের সংবিধানের ভিত্তিতেই পরবর্তী সব সংশোধনের দাবি জানান। সংবিধান প্রণয়ন কমিটির সাবেক সদস্য অধ্যাপক আবদুর রউফ বাহাত্তরের সংবিধান বাতিলের বিরোধিতা করে বলেন, যে কোনো সংস্কারের জন্য সংসদের অনুমোদন প্রয়োজন। একই সঙ্গে তিনি ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.