ক্যানারি দ্বীপে সহস্রাধিক অভিবাসী উদ্ধার, একজনের মৃত্যু
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে রাতারাতি অভিযান চালিয়ে এক হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির উপকূলীয় জরুরি পরিষেবা সংস্থা। উদ্ধারকৃতদের মধ্যে একজনের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকালের মধ্যে পরিচালিত ব্যাপক উদ্ধার তৎপরতায় এসব মানুষকে নিরাপদে উপকূলে নিয়ে আসা হয়।

স্প্যানিশ মেরিটাইম রেসকিউ সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইএফই জানায়, উদ্ধার হওয়া অভিবাসীদের অন্তত ১ হাজার ২১ জনকে এল হিয়েরো, গ্রান ক্যানারিয়া ও ল্যাঞ্জারোট দ্বীপে পৌঁছে দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগকেই নিয়ে যাওয়া হয়েছে মাত্র সাড়ে ১১ হাজার বাসিন্দার ছোট দ্বীপ এল হিয়েরোতে। সেখানে হঠাৎ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। এছাড়া যাত্রীসংখ্যা নিশ্চিত হওয়া যায়নি এমন কয়েকটি নৌকার পাশাপাশি এল হিয়েরোর কাছে ভাসমান আরও দুটি জলযানে সহায়তা পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে উদ্ধারকারী দল।
সার্বিক পরিস্থিতিকে ‘একেবারে টেকসই নয়’ উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছেন ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো। এই সংকট আরও ঘনীভূত হতে পারে বলে সতর্ক করে তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, এল হিয়েরোর স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সম্পদ, নিবিড় সমন্বয় ও ইউরোপীয় ইউনিয়নের কার্যকর সম্পৃক্ততা প্রয়োজন।
এদিকে পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এল হিয়েরোর স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকৃত অভিবাসীদের যেখানে নামানো হয়, সেই লা রেসতিঙ্গা বন্দর শহরে জড়ো হয়ে তারা সরকারের অবহেলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় টেলিভিশন আরটিভিসিকে এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা এখানে এসেছি কারণ সবাই সমস্যাটির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে আমরা বর্ণবাদী নই। যারা ক্ষমতায় বসে মানুষের এই চরম দুর্দশা দেখেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তারাই আসল বর্ণবাদী।’ এ সময় অভিবাসী পৌঁছানোর চাপে স্থানীয় জেলেরা বন্দরে নৌকা নিয়ে স্বাভাবিক কাজ করতে পারছেন না বলেও অভিযোগ তোলেন স্থানীয়রা।
নভেম্বরের প্রথম পাঁচ দিনেই ক্যানারি দ্বীপপুঞ্জে ৩ হাজার ২০০ জনেরও বেশি অভিবাসী পৌঁছেছেন, যার মধ্যে কেবল এল হিয়েরোতেই নেওয়া হয়েছে প্রায় ২ হাজার ৩০০ জনকে। ইএফই’র হিসাব অনুযায়ী, এল হিয়েরোতে আসা অভিবাসীদের মধ্যে ৩০৭ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১১ জন নবজাতক রয়েছে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দেওয়া এসব মানুষের বেশিরভাগই সেনেগাল থেকে যাত্রা শুরু করেছিলেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে সমুদ্রপথে ক্যানারিতে এসেছে ৬ হাজার ১৯৪ জন অভিবাসী, যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় পাঁচ গুণ। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট অভিবাসী আগমনের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৭ জনে, যা ২০২৫ সালের একই সময়ের চেয়ে সামান্য কম এবং ২০২৪ সালের ৩৪ হাজার ৮৭ জন ও ২০২৩ সালের ৩০ হাজার ৪২৫ জনের তুলনায় অনেক কম।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.