জামালপুর ও চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ৬ জনের
শনিবার জামালপুর ও চট্টগ্রামে পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজন ও একজন শিক্ষকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকসহ আহত হয়েছেন অন্তত ২২ জন। এর মধ্যে জামালপুরের মেলান্দহে বেপরোয়া ট্রাকের চাপায় অটোরিকশা ও মোটরসাইকেলের চারজন এবং চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস উল্টে দুজন প্রাণ হারান।

জামালপুরের মেলান্দহ উপজেলায় বেলা ১১টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বুরুঙ্গা এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন—ইসলামপুর উপজেলার ইন্দুলামারী এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) এবং তাদের আট মাস বয়সী কন্যাসন্তান রিফা। এ ছাড়া নিহত মোটরসাইকেল আরোহীর নাম লিখন আকন্দ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে জামালপুর শহরে যাচ্ছিলেন মোর্শেদ আলম ও তার পরিবারের সদস্যরা। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক প্রথমে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর ট্রাকটি অটোরিকশাটিকে দুমড়েমুচড়ে দিলে ঘটনাস্থলেই মোর্শেদ, তার স্ত্রী ও শিশুকন্যার মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহী লিখন আকন্দ মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মালঞ্চ এলাকায় স্থানীয় জনতা ট্রাকটি আটক করে, তবে চালক পালিয়ে যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।
এদিকে চট্টগ্রামের সাতকানিয়ায় শনিবার ভোর চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন খুনি বটতল এলাকায় অন্য দুর্ঘটনাটি ঘটে। সেখানে শিক্ষাসফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশের খাদে পড়ে যায়। এতে এক মাদ্রাসা শিক্ষকসহ দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং মো. সাখাওয়াত হোসেন (৫৬)। সাখাওয়াত হোসেন ওই একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকসহ শতাধিক ব্যক্তি দুটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ভোর চারটার দিকে পেছনের বাসটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটিতে প্রায় ৫০ জন আরোহী ছিলেন। বাসটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবসার জানান, অতিরিক্ত গতি এবং চালকের ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি এবং দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.