জ্বালানি নিরাপত্তা: তেলের মজুত ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা
আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মুখে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ধরে রাখতে এবং অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দেশে জ্বালানি তেলের কৌশলগত মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার কার্যক্রম শুরু করেছে সরকার। এর ফলে বৈশ্বিক যেকোনো সংকটকালীন পরিস্থিতিতেও প্রায় তিন মাস দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে।

জাতীয় জ্বালানি নীতি অনুযায়ী বর্তমানে দেশে ন্যূনতম ৬০ দিনের কৌশলগত মজুত রাখার বাধ্যবাধকতা থাকলেও সরকার তা বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৭১ দিন এবং ২০২৭ সালের মধ্যে ৯০ দিনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম এই পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দেশের জ্বালানি বাজার সুরক্ষিত করতেই পর্যায়ক্রমে এই সক্ষমতা বাড়ানো হচ্ছে।
সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে নিজস্ব অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি অব্যবহৃত ট্যাংক সচল করার ওপর জোর দিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি। এর আওতায় বন্ধ থাকা বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের ৮২ হাজার ২০০ টন ধারণক্ষমতার মজুত অবকাঠামো মেরামত করে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ওমেরার কাছ থেকে ৩০ হাজার টন ধারণক্ষমতার মজুত সুবিধা ভাড়ায় নেওয়ার বিষয়টিও বিবেচনায় রেখেছে বিপিসি। পাশাপাশি অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অতিরিক্ত মজুত সক্ষমতা ভাড়ায় ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
বিপিসির অধীনস্থ তিন প্রধান বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের খালি জায়গায় নতুন ডিপো ও ট্যাংক নির্মাণের কাজ চলছে। যমুনা অয়েলে নতুন করে ৫৮ হাজার ৫০০ টন ধারণক্ষমতার অবকাঠামো তৈরি করা হচ্ছে। এছাড়া মেঘনা পেট্রোলিয়ামে ১০ হাজার টন ক্ষমতার তিনটি ট্যাংক এবং পদ্মা অয়েলে ৯ হাজার ৫০০ টন ক্ষমতার দুটি ট্যাংক নির্মাণাধীন রয়েছে। একই সঙ্গে সিলেটের পদ্মা অয়েল ডিপোতে থাকা ১ হাজার ৩৭ টন ধারণক্ষমতার তিনটি জেট ফুয়েল ট্যাংককে ডিজেল সংরক্ষণের উপযোগী করা হচ্ছে এবং ভৈরব বাজার ডিপোতে ২ হাজার ১৬৫ টন ধারণক্ষমতার পাঁচটি ট্যাংক নির্মাণের কাজ চলছে।
বর্তমানে বিপিসির ছয়টি বিপণন কোম্পানির মোট জ্বালানি তেল মজুত রাখার সক্ষমতা ১৫ লাখ ৪৪ হাজার ৬৬ টন, যার মধ্যে ৬৭ হাজার ৬৩২ টন ক্ষমতার অবকাঠামোতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। নিজস্ব মজুত ব্যবস্থাপনায় বিপিসির কাছে বর্তমানে ফার্নেস অয়েল ৭৮ দিন, ডিজেল ৫৭ দিন, অকটেন ৪৬ দিন এবং পেট্রোল ২৯ দিনের ব্যবহারের সমান সক্ষমতা রয়েছে। এর বাইরে বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য ১ লাখ ৪২ হাজার ২৯৮ টন ডিজেল এবং ১ লাখ ৭৮ হাজার ৪০০ টন ফার্নেস অয়েল মজুতের সক্ষমতা রয়েছে।
জ্বালানি বিভাগের প্রক্ষেপণ অনুসারে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে মোট জ্বালানি তেলের সমন্বিত চাহিদা দাঁড়াবে ৮৪ লাখ ২৬ হাজার ৪০০ মেট্রিক টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ৪৪ লাখ ৭৩ হাজার টন, যেখানে প্রতি মাসে গড় চাহিদা ৩ লাখ ৭২ হাজার ৭৫০ টন। এছাড়া ফার্নেস অয়েলের চাহিদা ৭ লাখ ৩৫ হাজার টন, জেট ফুয়েলের চাহিদা ৬ লাখ ৬৩ হাজার টন, পেট্রোলের চাহিদা ৪ লাখ ৮৮ হাজার ৫০০ টন এবং অকটেনের চাহিদা ধরা হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৯০০ টন। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন জমি অধিগ্রহণ করে দীর্ঘমেয়াদি প্রকল্প নেওয়ার চেয়ে কম ব্যবহৃত কেরোসিনের ট্যাংক ডিজেল সংরক্ষণে রূপান্তর করা এবং রেলওয়ে ও বিদ্যুৎ খাতের উদ্বৃত্ত ট্যাংক সচল করা বেশি বাস্তবসম্মত ও সাশ্রয়ী সমাধান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.