আপনি পড়ছেন

বিনা বিচারে ইসরায়েলের কারাগারে বন্দি থাকা গাজার ১৪ ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। এই চিকিৎসকদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের কিংবা বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি।

গাজার ১৪ চিকিৎসককে মুক্তিতে ইসরায়েলি আদালতের অস্বীকৃতি
ইসরায়েলের একটি কারাগারের নিরাপত্তা পর্যবেক্ষণ টাওয়ার

বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল জানায়, গাজা থেকে আটক চিকিৎসকদের মুক্তি চেয়ে করা দুটি পিটিশন দেশটির আদালত নাকচ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইসরায়েলের সুপ্রিম কোর্ট বিভিন্ন হাসপাতালের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ১৪ জনের মুক্তির আবেদন প্রত্যাখ্যান করেছেন।

এদিকে লোদ জেলা আদালত উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে স্বাধীনভাবে স্বাস্থ্য পরীক্ষা করার অনুমতি দেয়নি। তার শারীরিক নথিপত্রে উদ্বেগজনক লক্ষণ পাওয়া সত্ত্বেও দ্বিতীয় কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদনও আদালত নাকচ করেছে। সংস্থাটি আরও জানায়, আটক চিকিৎসকদের কারও কারও বন্দিদশা ইতোমধ্যে দুই বছর পেরিয়ে গেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে গাজার স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হওয়ায় তীব্র চিকিৎসক সংকটে ভুগছে উপত্যকাটি। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে ডা. আবু সাফিয়াকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। তাকে দেশটির বিতর্কিত ‘আনলফুল কমব্যাট্যান্টস ল’ বা বেআইনি যোদ্ধা আইনের আওতায় আটক রাখা হয়েছে। এই আইনের সুযোগ নিয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া কেবল গোপন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ব্যক্তিদের দীর্ঘকাল বন্দি রাখা যায়।

ইসরায়েল প্রিজন সার্ভিসের নথি পর্যালোচনা করে অভ্যন্তরীণ রোগ ও হরমোন বিশেষজ্ঞ অধ্যাপক অমিত তিরোশ ডা. আবু সাফিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেন। নথিপত্র অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে তার ওজন ৯০ কেজি থেকে কমে ৭৬ কেজিতে নেমে আসে। এ ছাড়া তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা হ্রাস, দীর্ঘস্থায়ী বুকে ব্যথার প্রয়োজনীয় পরীক্ষা না হওয়া এবং খোসপাঁচড়া শনাক্তকরণে অবহেলার তথ্য পাওয়া গেছে।

২০২৬ সালের ৫ জুলাই কারা কর্তৃপক্ষের নথিতে আবু সাফিয়ার বাম চোখের চারপাশে কালশিটে দাগ, মাথা ঘোরা এবং পাঁজরের ব্যথার প্রমাণ পাওয়া যায়। আবু সাফিয়া তার আইনজীবীকে জানিয়েছিলেন যে কারারক্ষীরা তাকে প্রহার করেছে। যদিও আদালতের দাবি ছিল তিনি কেবল উচ্চ রক্তচাপ ছাড়া আর কোনো স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন না। তবে অমিত তিরোশ এই দাবির অসঙ্গতি তুলে ধরে আরও উন্নত চিকিৎসার সুপারিশ করলেও আদালত স্বাধীন চিকিৎসকের পরীক্ষা চালানোর অনুমতি দেয়নি।

সংস্থাটি জানায়, আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ রক্ষা এবং অন্যান্য বন্দিদের ওপর কথিত প্রভাব বিস্তারের অজুহাত দেখিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এই অনুমতি প্রদানে বাধা দেয়। এমনকি তাকে মুক্তি দেওয়ার বৈশ্বিক প্রচারণাগুলোকেও আদালতের সিদ্ধান্তে বিবেচনা করা হয়েছে। তবে মানবাধিকার সংস্থাটি এই যুক্তিগুলোকে সম্পূর্ণ অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে।

২০২৬ সালের জুন থেকে আবু সাফিয়াকে দীর্ঘ সময় নির্জন কারাবাসে রাখা হয়েছিল। বর্তমানে তাকে মাত্র একজন বন্দির সঙ্গে সম্পূর্ণ আলাদা সেলে রাখা হয়েছে। মানবাধিকার সংস্থাটির মতে, ইসরায়েলি আইন ও কারা বিধি অনুযায়ী দ্বিতীয় কোনো চিকিৎসকের পরামর্শ পাওয়ার অধিকার বন্দির ব্যক্তিগত অবস্থান বা নিরাপত্তা অভিযোগের ওপর নির্ভর করতে পারে না।

ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের কারাগারগুলোতে প্রায় ৯ হাজার ৩৫০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এর মধ্যে প্রায় ৩৫০ জন শিশু এবং ৯০ জন নারী। বন্দিরা নিয়মিত নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন এবং হেফাজতে থাকা অবস্থায় ইতোমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.