আপনি পড়ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। আজ শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিন দিনের তুরস্ক সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে আন্তালিয়া থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ইস্তাম্বুল পৌঁছান। আন্তালিয়া ত্যাগের সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা দেশগুলোর অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি জরুরি পদক্ষেপের দাবি তুলে ধরেন। গত ১০ নভেম্বর এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তিনি তুরস্কে পৌঁছান।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সেখানে রাজনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির আহ্বান জানান। সেখানে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কর্মসূচি, অভিবাসন ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয়গুলোও স্থান পায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান তিনি।

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ জোরদারের বিষয়ে আলোচনা হয়। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে আলোচনায় সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তারেক রহমান। উজবেক প্রেসিডেন্ট তাকে সে দেশ সফরের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী নতুন বছরে সফরের কথা জানান।

সফরকালে ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে বিনিয়োগ অংশীদারত্ব নিয়ে কথা বলেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও দেশটির পুনর্গঠন, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানে বাংলাদেশের সহায়তা চান। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনে ম্যান্ডেট পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এছাড়া ওআইসি মহাসচিব, লন্ডনের মেয়র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এদিকে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগের কথা তুলে ধরে বর্জ্যশূন্য ব্যবস্থাপনা বিষয়ক এক সাইড ইভেন্টে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন ডা. জুবাইদা রহমান। সফরকালে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান কপ-৩১ এ অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নৈশভোজে যোগ দেন। এর বাইরে ডা. জুবাইদা রহমান বিশ্বনেতাদের স্ত্রীদের সম্মানে আয়োজিত বিশেষ মধ্যাহ্নভোজেও অংশ নেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.