আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের আর্লিংটন জাতীয় সমাধিতে সেনাদের সৌধের সামনে ছবি তোলার সময় নিজেদের দলকে নীরবতা বজায় রাখতে বলেছিলেন এক সেনা প্রহরী। এবার সেই প্রহরীকেই পদক দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। খবর বিবিসির

ধমক দেওয়া সেনাকে পুরস্কৃত করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ
সেনাসদস্যকে পদক দেন পিট হেগসেথ

গত বুধবার যুক্তরাষ্ট্রের ভেটেরানস ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধের সামনে ছবি তোলার সময় হেগসেথ, তার স্ত্রী ও জ্যেষ্ঠ উপদেষ্টারা হাসাহাসি ও কথাবার্তা বলছিলেন। একপর্যায়ে দায়িত্বে থাকা প্রহরী তাদের নীরব থাকতে বলেন।

পরে পেন্টাগন এক বিবৃতিতে জানায়, সমাধিসৌধে দায়িত্ব পালনের জন্য সেনাসদস্য স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াসকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ দিয়েছেন হেগসেথ।

প্রতিরক্ষামন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি নিজেই ইগলেসিয়াসের হাতে পদক তুলে দিচ্ছেন। এ সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের তৃতীয় পদাতিক রেজিমেন্টের কয়েকজন সদস্য। ‘ওল্ড গার্ড’ নামে পরিচিত এই রেজিমেন্টের সদস্যরাই অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধ পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছেন।

ছবির সঙ্গে দেওয়া পোস্টে হেগসেথ লেখেন, ‘আমরা সেনাদের ভালোবাসি। আমরা নিয়মশৃঙ্খলাকে ভালোবাসি। ভালো করেছেন, স্পেশালিস্ট। দেশপ্রেমিকেরা, দায়িত্ব পালন করে যান।’

ভিডিওতে দেখা যায়, দায়িত্বে থাকা সেনা প্রহরী ইগলেসিয়াস হেগসেথের দলের দিকে এগিয়ে গিয়ে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে হবে।’

আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের আচরণবিধিতে দর্শনার্থীদের নিচু স্বরে কথা বলা এবং অসম্মানজনক বা বিশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র যুদ্ধস্মৃতিসৌধ হিসেবে পরিচিত এই সমাধিসৌধে প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা সেনার মরদেহ সমাহিত রয়েছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, ‘এই গম্ভীর দিনটি স্মরণ করার সময় একজন সেনাসদস্য যথাযথভাবে ও সম্মানের সঙ্গে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমেরিকাকে নিরাপদ রাখতে আমাদের সামরিক বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা যে আত্মত্যাগ করেছেন, প্রতিরক্ষামন্ত্রী এবং পুরো প্রতিরক্ষা বিভাগ সব সময় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে।’

১৯৪৮ সাল থেকে তৃতীয় পদাতিক রেজিমেন্টের একজন সদস্য দিনরাত ২৪ ঘণ্টা এই সমাধিসৌধ পাহারা দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, সমাধিসৌধে দর্শনার্থীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেওয়া প্রহরীদের জন্য অস্বাভাবিক কিছু নয়। দিনে কয়েকবারও তাদের এমন করতে হয়।

এর আগে বুধবারের অনুষ্ঠানে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে বার্ষিক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ কর্মকর্তারা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.