বিদেশে অভিযান চালানোর ক্ষমতা পাচ্ছে জার্মানির গোয়েন্দারা
জার্মানির পার্লামেন্টে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর কার্যপরিধি ব্যাপকভাবে সংস্কারের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই আইনের ফলে নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের জন্য সংস্থাগুলো বাড়তি ক্ষমতা পাবে। এর আওতায় প্রয়োজনে বিদেশে অন্তর্ঘাতমূলক বা বিশেষ অভিযান পরিচালনার অনুমতিও থাকবে।

শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটির পর এই আইনটি পাস হয়। বিলটির পক্ষে ৩০৯টি এবং বিপক্ষে ১৯০টি ভোট পড়ে। এছাড়া ভোটদানে বিরত ছিলেন ৭১ জন আইনপ্রণেতা।
জার্মানির অভ্যন্তরীণ বিষয়সংক্রান্ত মন্ত্রী আলেক্সান্ডার ডোবরিন্ট এই পরিবর্তনকে ‘শতাব্দীর সেরা সংস্কার’ হিসেবে উল্লেখ করেছেন। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘ভেতর এবং বাইরে থেকে যারা গণতন্ত্রের ওপর আঘাত হানছে, তাদের বিরুদ্ধে আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে।’
নতুন এই সংস্কার জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস (বিএনডি) এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল অফিস ফর দ্য প্রোটেকশন অব দ্য কনস্টিটিউশনের (বিএফভি) ক্ষমতা বাড়াবে।
নির্দিষ্ট কিছু শর্তের অধীনে বিএফভি কেবল তথ্য সংগ্রহ এবং নজরদারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সংস্থাটি এখন সরাসরি পদক্ষেপ নিতে পারবে। এর মধ্যে রয়েছে গোপনে ব্যক্তিগত বাসস্থানে প্রবেশ কিংবা বিস্ফোরক বা অস্ত্রের সাথে সংশ্লিষ্ট ঘটনায় হস্তক্ষেপ করা। তবে গ্রেপ্তার এবং প্রকাশ্যে তল্লাশি চালানোর ক্ষমতা কেবল পুলিশের হাতেই সংরক্ষিত থাকবে।
অন্যদিকে বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডি কার্যকর অভিযান পরিচালনার ক্ষমতা পাবে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত রাষ্ট্র-সমর্থিত হ্যাকার গোষ্ঠীর সার্ভার অকার্যকর বা নিষ্ক্রিয় করার সুযোগ তৈরি হবে তাদের। তবে নির্দিষ্ট পদক্ষেপগুলো বাস্তবায়নের আগে সেগুলোর বৈধতা যাচাই করবে সাবেক বিচারকদের একটি প্যানেল।
জার্মান সরকারের ভাষ্য অনুযায়ী, বিদেশি গোয়েন্দা সংস্থা—বিশেষ করে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে বাড়তে থাকা হুমকির মুখে এই পরিবর্তন আনা হয়েছে। একই সাথে মিত্র দেশগুলোর দেওয়া গোয়েন্দা তথ্যের ওপর নির্ভরতা কমানোও এর অন্যতম উদ্দেশ্য।
তবে বিরোধীদলীয় রাজনীতিবিদ এবং মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, এই বাড়তি ক্ষমতা নাগরিক স্বাধীনতাকে সংকুচিত করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে দেশটিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পুলিশি ব্যবস্থার মধ্যে যে সুস্পষ্ট বিভাজন তৈরি করা হয়েছিল, তা দুর্বল হতে পারে।
নাৎসি শাসনামলের কুখ্যাত গোপন পুলিশ ‘গেস্টাপো’ নজরদারির পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ ও নির্দিষ্ট গোষ্ঠীকে নিপীড়ন করত। সেই অন্ধকার ইতিহাস থেকেই যুদ্ধোত্তর জার্মানিতে গোয়েন্দা ও পুলিশের দায়িত্ব পৃথক রাখা হয়েছিল।
জার্মান বার অ্যাসোসিয়েশন সতর্ক করেছে, গোয়েন্দা সংস্থাকে সরাসরি হস্তক্ষেপের ক্ষমতা দেওয়া হলে তা ‘সংবিধান নির্দেশিত গোয়েন্দা সংস্থা ও পুলিশের মধ্যকার বিভাজনকে ঝুঁকিতে ফেলবে।’ একই সঙ্গে আইনজীবী ও তাদের মক্কেলদের মধ্যকার গোপনীয় যোগাযোগের সুরক্ষা ব্যবস্থা দুর্বল করারও সমালোচনা করেছে সংস্থাটি।
গ্রিনস পার্টির আইনপ্রণেতা কনস্ট্যান্টিন ফন নটজ এর আগে সতর্ক করে জানিয়েছিলেন, পুলিশের ক্ষেত্রে যে স্বচ্ছতা ও আইনি জবাবদিহির প্রয়োজন হয়, এই পরিবর্তনের কারণে গোয়েন্দারা তা ছাড়াই নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.