আপনি পড়ছেন

বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের আশঙ্কায় ৭ লাখ ২০ হাজারের বেশি গাড়ি প্রত্যাহার করেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এসব গাড়ির মালিকদের ভবন থেকে দূরে উন্মুক্ত স্থানে গাড়ি পার্ক করার পরামর্শ দিয়েছেন মার্কিন নিরাপত্তা নিয়ন্ত্রকেরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রে ৭ লাখের বেশি বিএমডব্লিউ গাড়ি প্রত্যাহার
বিএমডব্লিউ গাড়ির প্রতীক

সংস্থাটি জানায়, সংশ্লিষ্ট ৭ লাখ ২০ হাজার ৭৯৬টি গাড়ির ওয়াটার পাম্পের বৈদ্যুতিক সংযোগকারী যন্ত্রাংশে (কানেক্টর) ত্রুটি রয়েছে। এতে পাম্পের ভেতর পানি প্রবেশ করে শর্টসার্কিট হতে পারে। ১২ নভেম্বর বিএমডব্লিউর গাড়ি প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এনএইচটিএসএ একটি চিঠি দেয়। সেখানে সংস্থাটি উল্লেখ করে, ‘ত্রুটি মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত গাড়ির মালিকদের তাদের যানবাহন ভবনের বাইরে এবং যে কোনো স্থাপনা থেকে দূরে পার্ক করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

এই পদক্ষেপটি ২০২৪ সালে একই মডেলের গাড়িগুলো নিয়ে নেওয়া প্রত্যাহার কর্মসূচির বিকল্প হিসেবে এসেছে। এনএইচটিএসএ জানায়, আগের কর্মসূচির আওতায় যেসব গাড়ি মেরামত করা হয়েছিল, সেগুলোতেও নতুন করে এই সমাধান কার্যকর করতে হবে।

বিএমডব্লিউ তাদের নথিতে জানিয়েছে, সংযোগকারী অংশের উপাদানের মান ক্ষয় হওয়ার কারণে পাম্পে আর্দ্রতা প্রবেশ করতে পারে। ফলে এটি অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠার ঝুঁকি বাড়ে এবং বিরল ক্ষেত্রে আগুন ধরে যেতে পারে।

আগের মেরামতের অংশ হিসেবে সংযোগকারী যন্ত্রাংশ থেকে তরল দূরে রাখতে একটি সুরক্ষামূলক শিল্ড বসানো হয়েছিল। পাশাপাশি ওয়্যারিং ও কানেক্টর পরীক্ষা করে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রতিস্থাপন করা হয়েছিল। তবে জানুয়ারি মাসের এক পর্যালোচনায় দেখা যায়, মেরামত করা গাড়িগুলোতেও অতিরিক্ত উত্তাপ বা থার্মাল ওভারলোডের ঘটনা ঘটছে। বিএমডব্লিউর তদন্ত প্রতিবেদন অনুসারে, পরবর্তী পরীক্ষায় কানেক্টরগুলোতে ভঙ্গুরতা ও ফাটল ধরা পড়ে।

এরপর ২৮ অক্টোবর নতুন করে গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিএমডব্লিউ এবং ৪ নভেম্বর এনএইচটিএসএর কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এ সিদ্ধান্তের দিন পর্যন্ত কোম্পানিটি যুক্তরাষ্ট্রে ত্রুটি সংক্রান্ত সম্ভাব্য প্রায় ১০টি ঘটনার বিষয়ে অবগত ছিল। তবে এ ঘটনায় কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিএমডব্লিউ।

এই প্রত্যাহার কর্মসূচির আওতায় রয়েছে নির্দিষ্ট ২০১২ থেকে ২০১৬ সালের ৩ সিরিজ, ৫ সিরিজ ও জেড৪ মডেলের গাড়ি। এছাড়া ২০১২ থেকে ২০১৫ সালের এক্স১, ২০১৩ থেকে ২০১৭ সালের এক্স৩, ২০১৫ থেকে ২০১৮ সালের এক্স৪ এবং ২০১৬ থেকে ২০১৮ সালের এক্স৫ এক্সড্রাইভ৪০ই মডেলও এর আওতাভুক্ত।

পাশাপাশি ২০১৪ থেকে ২০১৬ সালের নির্দিষ্ট ২ সিরিজ কুপে, ৩ সিরিজ স্পোর্টসওয়াগন, ৩২৮এক্সআই গ্র্যান টুরিজমো, ৪ সিরিজ কুপে ও কনভার্টিবল এবং ২০১৫ থেকে ২০১৬ সালের ২ সিরিজ কনভার্টিবল ও ৪ সিরিজ গ্র্যান কুপে মডেলের গাড়িও এ তালিকায় রয়েছে।

বর্তমানে ত্রুটি সমাধানের প্রক্রিয়াটি উন্নয়ন পর্যায়ে রয়েছে। অনুমোদিত বিএমডব্লিউ কেন্দ্রগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে এই মেরামতের কাজ করা হবে।

এনএইচটিএসএ জানায়, ডিসেম্বর মাসে গাড়ির মালিকদের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হতে পারে। এছাড়া ‘২৬ভি৭৩৩’ নম্বর যুক্ত প্রত্যাহার কর্মসূচির আওতায় থাকা গাড়ির পরিচিতি নম্বরগুলো (ভিআইএন) ২৫ ডিসেম্বর থেকে সংস্থার ওয়েবসাইটে অনুসন্ধান করা যাবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.