আলাস্কায় এগিয়ে ডেমোক্র্যাটরা, কলোরাডোতে রিপাবলিকানদের পরাজয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের বিরুদ্ধে নিজের ব্যবধান আরও বাড়িয়েছেন। অন্যদিকে কলোরাডো অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের একটি আসনে হেরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লরেন বোবার্ট। শনিবার প্রকাশিত সর্বশেষ ভোট গণনায় এই ফলাফল দেখা গেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, সাবেক কংগ্রেস সদস্য পেলটোলা প্রতিদ্বন্দ্বী সুলিভানের চেয়ে ১০ হাজার ৪১২ ভোটে এগিয়ে গেছেন। এর আগের দিন এই ব্যবধান ছিল ৫ হাজার ৮০০ ভোট।
আলাস্কায় প্রায় ৯৬ শতাংশ ব্যালট গণনা শেষ হয়েছে। এর মধ্যে পেলটোলা পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২৪০ ভোট (৪৯.৮৪ শতাংশ)। অন্যদিকে সুলিভান পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮ ভোট (৪৬.০৯ শতাংশ)।
বর্তমান সিনেটরের সমনামের আরেক প্রার্থী ড্যানিয়েল জে সুলিভান জুনিয়র পেয়েছেন ৪ হাজার ৫৬০ ভোট। দুই সুলিভানের মোট ভোট যোগ করলে দাঁড়ায় ১ লাখ ৩২ হাজার ৩৮৮। এটিও পেলটোলার প্রাপ্ত ভোটের চেয়ে ৫ হাজার ৮৫২ ভোট কম।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে দাবি করেছেন, রিপাবলিকান প্রার্থীকে ক্ষতিগ্রস্ত করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই সুলিভান জুনিয়রকে নির্বাচনে দাঁড় করিয়েছে ডেমোক্র্যাটরা।
সর্বশেষ গণনায় আরও প্রায় ২২ হাজার ৫০০ ব্যালট যুক্ত হওয়ায় পেলটোলার অবস্থান আরও সংহত হয়েছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের সিনেট আসনগুলোর মধ্যে কেবল এই আসনটির ফলই এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি।
এপি এখনো এ নির্বাচনের চূড়ান্ত বিজয়ী ঘোষণা করেনি। আলাস্কার ‘র্যাংকড-চয়েস’ ভোটিং ব্যবস্থার নিয়মানুযায়ী সরাসরি বিজয়ী হতে যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তার চেয়ে সামান্য পিছিয়ে আছেন পেলটোলা। কোনো প্রার্থী যদি প্রথম পছন্দের ৫০ শতাংশের বেশি ভোট না পান, তবে ১৮ নভেম্বর দ্বিতীয় পর্যায়ের ভোট গণনা অনুষ্ঠিত হবে। সেখানে বাদ পড়া প্রার্থীদের ভোটগুলো ভোটারদের পরবর্তী পছন্দ অনুযায়ী বণ্টন করা হবে।
পেলটোলা জয়ী হলে ১০০ সদস্যের মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৬টিতে। এতে দলটির সংখ্যাগরিষ্ঠতা আরও সুসংহত হবে। একই সঙ্গে তিনি হবেন মার্কিন সিনেটে নির্বাচিত প্রথম আদিবাসী আলাস্কান।
দুই মেয়াদের রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি তৃতীয় মেয়াদে জয়ের জন্য লড়ছেন। তার পক্ষে প্রচার চালাতে আগের মাসে আলাস্কা সফর করেছিলেন ট্রাম্প।
এদিকে আলাস্কার ভোটাররা রাজ্যের উন্মুক্ত প্রাথমিক ও ‘র্যাংকড-চয়েস’ ভোটিং ব্যবস্থা বাতিলের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এ ব্যবস্থার পক্ষে রায় দিলেন তারা।
কলোরাডোতে ট্রাম্প মিত্রের পরাজয়
শুক্রবার আরেকটি বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এপির প্রতিবেদনে জানানো হয়, কলোরাডোর ৪ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে তিন মেয়াদের রিপাবলিকান প্রতিনিধি লরেন বোবার্টকে হারিয়েছেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাশার।
নির্বাচনের প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ফল নির্ধারণ করা হয়। এতে লাউবাশার পেয়েছেন ৪৮.৮ শতাংশ ভোট এবং বোবার্ট পেয়েছেন ৪৭.৯ শতাংশ ভোট।
এ ফলাফল রক্ষণশীল এলাকাটিতে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই আসনে ১৮ শতাংশের বেশি পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন।
ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের অন্যতম সমর্থক বোবার্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের পরাজয় স্বীকার করেন। লাউবাশারকে ফোন করে তিনি অভিনন্দন জানিয়েছেন।
সারা দেশে রিপাবলিকানদের পরাজয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছি।’
ডেমোক্র্যাটদের জয়ের তালিকায় যুক্ত হয়েছে আলাস্কার গভর্নর নির্বাচনও। শুক্রবার সাবেক অঙ্গরাজ্য আইনপ্রণেতা জনাথন ক্রেইস-টমকিন্স তিন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়লাভ করতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে। ক্রেইস-টমকিন্স পেয়েছেন প্রায় ৫০.৮ শতাংশ ভোট। ভোট গণনার শেষ পর্যন্ত এ অবস্থান বজায় থাকলে ‘র্যাংকড-চয়েস’ গণনার প্রয়োজন পড়বে না।
৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। এর মাধ্যমে দলটির হাতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ চলে আসে। তবে প্রতিনিধি পরিষদের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কয়েকটি আসনের ফলাফল এখনো বাকি রয়েছে, যেখানে ভোট গণনা অব্যাহত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.