আপনি পড়ছেন

শিক্ষাজীবনের একটি বছর বাঁচানোর সুযোগ তৈরি হলেও এইচএসসি ও সমমান পরীক্ষার সম্পূরক কার্যক্রমে অংশ নিচ্ছেন না আড়াই লাখের বেশি শিক্ষার্থী। মূলত অল্প সময়ের প্রস্তুতি নিয়ে ফের অকৃতকার্য হওয়ার শঙ্কা, ফল বিপর্যয়ের ধাক্কায় তৈরি হওয়া মানসিক হতাশা এবং প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনার অভাবেই এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের অর্ধেকের বেশি এই সুযোগ নেওয়া থেকে বিরত রয়েছেন।

এইচএসসির সম্পূরক পরীক্ষায় আড়াই লাখ শিক্ষার্থীর অনাগ্রহ
ছবি - সংগৃহীত

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, দেশের ১০টি শিক্ষা বোর্ডে এক বা দুই বিষয়ে অকৃতকার্য চার লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র এক লাখ ৫৮ হাজার ২৬৮ জন সম্পূরক পরীক্ষার জন্য আবেদন করেছেন। এখনো একটি বোর্ডের তথ্য পাওয়া যায়নি এবং তাদের দ্রুত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন অংশ নিয়ে পাস করেছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। মোট অকৃতকার্য পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জনের মধ্যে এক বিষয়ে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন রয়েছেন। সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

সুযোগ থাকার পরও শিক্ষার্থীদের এমন অনাগ্রহের বিষয়ে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী জানান, পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং পুনরায় পরীক্ষা দিয়ে পাস করতে না পারার ভয় তাদের মধ্যে কাজ করছে। ফল বিপর্যয়ের পর বিশেষ করে ইংরেজি ও আইসিটির মতো বিষয়ে দুর্বল শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের সংকট তৈরি হয়েছে। অল্প সময়ে এসব বিষয়ের প্রস্তুতি নেওয়া অসম্ভব মনে করে অনেকে পরীক্ষা থেকে দূরে থাকছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে বিকল্প পেশা, কর্মমুখী শিক্ষা কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিন্তা।

শিক্ষাবিদরা বলছেন, অকৃতকার্য হওয়ার পরপরই শিক্ষার্থীদের প্রয়োজনীয় মানসিক কাউন্সেলিং ও দিকনির্দেশনা দেওয়া হয়নি। নিয়মিত পাঠদান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিজেদের প্রস্তুত করার পরিবেশও পাননি অনেকে। বিশেষজ্ঞদের মতে, বিপুলসংখ্যক শিক্ষার্থীর পিছিয়ে থাকার কারণ চিহ্নিত করতে শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ স্থাপন করা দরকার। এছাড়া বিনামূল্যে বিশেষ ক্লাস, অনলাইন সহায়তা ও মানসিক কাউন্সেলিং না দিলে ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় ৩৯ হাজার ২২৭ জন শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। এ বোর্ডে এক লাখ ১২ হাজার ৭৯১ জনের মধ্যে পাস করেছিলেন ৫০ হাজার ৬৬৮ জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, প্রতি ৩০০ থেকে ৫০০ পরীক্ষার্থীর জন্য খুলনা বিভাগের প্রতিটি উপজেলায় কেন্দ্র নির্ধারণ করে প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এরপর ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ চলে। শিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়ে ১৭ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ৩ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৪ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৬ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ করা হবে।

পূর্বে অনুত্তীর্ণ হলে পরবর্তী বছরের মূল পরীক্ষায় বসতে হলেও এবার বিশেষ ব্যবস্থায় দ্রুত পরীক্ষা নেওয়া হচ্ছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং খাতা পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য রয়েছে সরকারের।

এদিকে রাজধানীর পর্যটন করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেছে গণসাক্ষরতা অভিযান। এতে বলা হয়, শুধু পুনঃপরীক্ষার সুযোগ দেওয়াই যথেষ্ট নয়; যারা শিক্ষাজীবন এগিয়ে নিতে পারবেন না, তাদের জন্য চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিকল্প কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি পুনঃপরীক্ষায় অংশগ্রহণের বিষয় সংখ্যা, সময়সীমা, ফি, খাতা মূল্যায়ন ও উচ্চশিক্ষায় ভর্তির নিয়ম অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে সংস্থাটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.