আপনি পড়ছেন

নিজেদের মধ্যে ঐক্যের দুর্বলতা ও ফাটলের সুযোগে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুটি নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদে একটির বাস্তবায়ন হলেও গণভোটের রায় এখনো কার্যকর না হওয়াকে ফ্যাসিবাদীদের আস্ফালনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্যকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য জোরদারে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
ডা. শফিকুর রহমান

বুধবার ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। বক্তব্যে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, শিল্প খাত, শিক্ষা, বিচার, নদীর পানিবণ্টন ও সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দে বৈষম্যের মতো বিষয়গুলোও তুলে ধরেন।

নির্বাচনের আগপর্যন্ত সবাই একই কাতারে থাকলেও পরবর্তী সময়ে ঐক্যে ফাটল সৃষ্টি হওয়ায় প্রতিপক্ষ সেই সুযোগ নিচ্ছে বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। শহীদের আমানত, যোদ্ধাদের ত্যাগ ও শহীদ পরিবারের আকাঙ্ক্ষার আলোকে গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। তার মতে, যত দ্রুত এগুলো বাস্তবায়ন হবে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য তত দ্রুত সুদৃঢ় হবে। অতীতে সবখানে ফ্যাসিবাদ থাকলেও তারা টিকতে পারেনি এবং বর্তমান ঐক্যের সামনে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বলে তিনি বিশ্বাস করেন। ঐক্য অটুট রাখতে পারলে কাপুরুষতা, নাশকতা ও অগ্নিসংযোগ মোকাবিলা করে জাতি তার প্রত্যাশার বন্দরে পৌঁছাতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সংসদকে মজলুমদের, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী একটি ভিন্নধর্মী সংসদ হিসেবে আখ্যায়িত করেন বিরোধীদলীয় নেতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের গুম, খুন ও নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কয়েক দিন ধরে সারা দেশে অতীতের ফ্যাসিবাদী শক্তির পলাতক দোসররা নাশকতা চালাচ্ছে। এ বিষয়ে সংসদের মাধ্যমে জাতিকে সরকারের পদক্ষেপ জানানো হবে বলে প্রত্যাশা ছিল উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিলেও তাতে সরকারের নীতি-কৌশল পরিষ্কার হয়নি।

আধিপত্যের কালো ছায়া আবারও অনুভূত হচ্ছে উল্লেখ করে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার অনুরোধ জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার বুক টান করে ও পায়ের নলা শক্ত করে দাঁড়ালে পুরো জাতি তাদের সঙ্গে থাকবে এবং এই প্রজন্ম বেঁচে থাকতে বাংলাদেশে আধিপত্যবাদ ফিরে আসা মেনে নেবে না। উন্নয়ন সহযোগী ও আন্তরিক বন্ধু হিসেবে অন্য দেশগুলোকে স্বাগত জানালেও তাদের সঙ্গে বাংলাদেশের মর্যাদা সমানতালে চলতে হবে বলে তিনি উল্লেখ করেন।

বিচারের আওতায় আনা ব্যক্তিদের বিচারপ্রক্রিয়া আরও দৃশ্যমান ও গতিশীল করার দাবি জানান জামায়াত আমির। অতীতে তাদের ওপর অবিচার করা হলেও কারও প্রতি সামান্য অবিচার তারা চান না উল্লেখ করে তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি তাদের ন্যায্য পাওনা শতভাগ পাবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যে যখন সরকারে থাকে, সংশ্লিষ্ট মন্ত্রীরা পরিস্থিতির উন্নতির কথা বললেও বাস্তবে উন্নত দেশ বা ভালো বাংলাদেশ পাওয়া যায়নি; বরং বিভিন্ন ক্ষেত্রে মানুষের যন্ত্রণা দিন দিন বাড়ছে।

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা প্রশ্ন রাখেন, শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধাই যদি আন্দোলনের মূল বিষয় হয়, তবে লেদার ও সিরামিক কারখানা এবং বিদ্যুৎ অফিসে কেন হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এর পেছনে তৃতীয় একটি অপশক্তি রয়েছে উল্লেখ করে সবকিছু তছনছ করার চেষ্টাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের বর্তমান বেতন ১২ হাজার টাকা উল্লেখ করে তিনি বলেন, একটি ঘর ভাড়া নিতেই এই অর্থ শেষ হয়ে যায়। শ্রমিকদের জীবনযাপনের সংকট নিরসনে সরকারকে স্বল্প ও মধ্যমেয়াদি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.