আপনি পড়ছেন

আগামী এক মাসের মধ্যে বিদেশি মুদ্রার পুরোপুরি ভাসমান বিনিময় হার (ফ্লোটিং এক্সচেঞ্জ রেট) ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যবস্থা কার্যকর হলে ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দরকষাকষির মাধ্যমে বিদেশি মুদ্রার দাম নির্ধারণ করতে পারবেন। বৃহস্পতিবার চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এই তথ্য জানান।

এক মাসের মধ্যে ভাসমান মুদ্রা বিনিময় হারের পরিকল্পনা
বাংলাদেশ ব্যাংকের লোগো

তিনি বলেন, ‘আমরা বৈদেশিক মুদ্রা বাজারকে আরও বেশি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করার লক্ষ্যে কাজ করছি। আশা করছি এক মাসের মধ্যেই এটি শেয়ারবাজারের মতো একটি পুরোপুরি ভাসমান বাজারে রূপ নেবে।’ ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়ন উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী নেতা ও অংশীজনদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।

সভায় গভর্নর প্রশ্ন তোলেন, গত এক দশকে বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় সমান হওয়া সত্ত্বেও ভারতীয় রুপির তুলনায় বাংলাদেশি টাকার মান কেন এত বেশি কমল। মুদ্রা বিনিময় হারের পরিসংখ্যান তুলে ধরে তিনি উল্লেখ করেন, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ৬৭ দশমিক ২০ থেকে কমে ৯৪ দশমিক ০৩ হয়েছে, যা প্রায় ৪০ শতাংশ অবমূল্যায়ন। অন্যদিকে একই সময়ে ডলারের বিপরীতে টাকার মান ৭৮ দশমিক ৪৭ থেকে কমে ১২৪ দশমিক ৮৬ টাকায় পৌঁছেছে, যার অর্থ টাকার অবমূল্যায়ন ঘটেছে প্রায় ৬০ শতাংশ। অথচ এই সময়ে ভারতের সার্বিক জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশের ছিল ৭২ দশমিক ১ শতাংশ।

গভর্নর আরও প্রশ্ন করেন, বৈদেশিক মুদ্রার তারল্য একপর্যায়ে ৩০ কোটি ডলার থেকে বেড়ে ১০০ কোটি ডলারে উন্নীত হওয়া এবং ৫১টি ব্যাংকের হাতে উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা থাকা সত্ত্বেও কেন বিনিময় হার ক্রমাগত বাড়ছিল। বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ করতে বৈদেশিক মুদ্রা লেনদেনের বর্তমান প্রক্রিয়াগুলো কেন্দ্রীয় ব্যাংক পর্যালোচনা করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, কেবল সুদের হার সমন্বয়ের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর জন্য উৎপাদন, সরবরাহ ও বিতরণ ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও সরবরাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক অর্থায়ন প্রকল্প ও প্রণোদনার মাধ্যমে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) অগ্রাধিকার দিচ্ছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও স্থানীয় ব্যবসা সচল রাখতে বিনিময় হারের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

সভায় চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন চৌধুরী আসন্ন মুদ্রানীতির জন্য তিনটি বড় প্রস্তাব তুলে ধরেন। তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, শিল্প কাঁচামাল, যন্ত্রাংশ, জ্বালানি ও কৃষি উপকরণের ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক শতভাগ নগদ মার্জিন প্রত্যাহারের আহ্বান জানান। পাশাপাশি প্রকৃত উৎপাদনমুখী শিল্পের জন্য ইউজান্স বা সরবরাহকারী ঋণের আওতায় ১৮০ থেকে ২৭০ দিনের বিলম্বিত মূল্য পরিশোধের সুবিধার প্রস্তাব করেন।

আমির হুমায়ুন চৌধুরী জানান, সাধারণ ভোক্তার অতিরিক্ত চাহিদার চেয়ে গ্যাস, বিদ্যুৎ, পরিবহন ও আন্তর্জাতিক জাহাজ ভাড়াসহ উৎপাদন ও সরবরাহ খরচ বেড়ে যাওয়াই মূল্যস্ফীতির প্রধান কারণ। তিনি দাবি করেন, আমদানিতে কঠোর বিধিনিষেধের কারণে ব্যবসায়ীদের চলতি মূলধন আটকে থাকছে। ফলে বাধ্য হয়ে ১৩ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে, যা শেষ পর্যন্ত পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে বিলম্বের বিষয় তুলে ধরে তিনি বলেন, পণ্য খালাসের সময় প্রায়ই ব্যাংকের ৩০ থেকে ৬০ দিনের এলসি নিষ্পত্তির সময়সীমা ছাড়িয়ে যায়। বন্দর, কাস্টমস বা জাহাজ চলাচল কর্তৃপক্ষের কারণে বিলম্ব হলে দাপ্তরিক নথিপত্র সাপেক্ষে এলসি নিষ্পত্তিতে অতিরিক্ত ৩০ থেকে ৪৫ দিনের গ্রেস পিরিয়ড দেওয়ার প্রস্তাব করেন তিনি। এ ছাড়া চট্টগ্রামে সংগৃহীত আমানতের একটি অংশ যেন স্থানীয় এসএমই, লজিস্টিকস, কোল্ড স্টোরেজ ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে পুনঃবিনিয়োগ হয়, সেজন্য বাধ্যতামূলক আঞ্চলিক ঋণ-আমানত অনুপাত নির্ধারণের দাবি জানান তিনি। জামানত ছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পাওয়ার সুযোগ বাড়াতে ক্রেডিট গ্যারান্টি স্কিম সম্প্রসারণের তাগিদও দেন এই ব্যবসায়ী নেতা।

আসল পরিশোধ সাপেক্ষে পুঞ্জীভূত সুদ মওকুফের ঋণ নিষ্পত্তি সুবিধা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করার আহ্বান জানান আমির হুমায়ুন চৌধুরী। ব্যাংক ও গ্রাহকের মধ্যে অনাদায়ী আসলের হিসাব নিয়ে মতবিরোধের কারণে সংকটে পড়া ব্যবসায়ীরা এই সুবিধার সুফল পাচ্ছেন না বলে তিনি উল্লেখ করেন। একটি উদাহরণ দিয়ে তিনি জানান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় অকার্যকর হয়ে পড়া একটি ডাইং ও প্রিন্টিং কারখানার মূল ঋণ ছিল ১২ কোটি টাকা। কিন্তু ব্যাংক এখন তাদের আসল বকেয়া ১৯ কোটি টাকা এবং সুদ ৩৯ কোটি টাকা দাবি করছে। প্রকৃত আসল নির্ধারণ ও সমস্যা নিষ্পত্তির জন্য ব্যাংক ও ঋণগ্রহীতাদের নিয়ে আঞ্চলিক কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।

সভায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি সেলিম রহমান বেসরকারি বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর দাবি জানান। তিনি উল্লেখ করেন, গত তিন মাসে উৎপাদনমুখী শিল্পে কার্যত কোনো মূলধনি যন্ত্রপাতি আমদানি হয়নি, যা বিনিয়োগের ক্ষেত্রে একটি বড় সতর্কবার্তা। প্রযুক্তিগত উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, শ্রমিকদের প্রশিক্ষণ এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনে প্রণোদনা দেওয়ার আহ্বান জানান তিনি।

সেলিম রহমান আরও বলেন, সরকারের উচিত অপ্রয়োজনীয় অগ্রিম কর কমানো, কর রিফান্ড ও সমন্বয় প্রক্রিয়া দ্রুত করা এবং করব্যবস্থা, জ্বালানির মূল্য ও নীতিমালার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া। প্রাতিষ্ঠানিক খাতের বিদ্যমান ব্যবসায়ের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে ব্যবসা পরিচালনার কাঠামোগত ব্যয় কমানোর পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান এবং নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.