আপনি পড়ছেন

পোল্যান্ডে বসবাসরত অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক হয়রানি, বৈষম্য কিংবা নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ওয়ারশভিত্তিক অকালেনি ফাউন্ডেশনের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিগত ছয় মাসে দেশটিতে অবস্থানরত এসব অভিবাসী কোনো না কোনোভাবে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

গবেষণা: পোল্যান্ডে অর্ধেকের বেশি অভিবাসী নিপীড়নের শিকার
পোল্যান্ডে অবস্থানরত অভিবাসী ও শিশু

গবেষণায় দেখা গেছে, অভিবাসীদের ওপর মৌখিক আক্রমণই সবচেয়ে বেশি ঘটে থাকে। এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া অংশগ্রহণকারীদের মধ্যে ৪৫ শতাংশ জানান, তাদের জাতীয়তা, ভাষা কিংবা বাচনভঙ্গির কারণে অপমানজনক ও আপত্তিকর মন্তব্যের শিকার হতে হয়েছে। জরিপে অংশ নেওয়া অভিবাসীদের ৩৪ দশমিক ৪ শতাংশ অনলাইনে কটূক্তির শিকার হয়েছেন। অন্যদিকে ২৪ দশমিক ২ শতাংশ ব্যক্তি কর্মক্ষেত্রে অধিকার লঙ্ঘন ও অর্থনৈতিক শোষণের শিকার হওয়ার কথা তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে বকেয়া মজুরি না দেওয়া, অবৈধভাবে বেতন কেটে রাখা এবং শ্রম আইন লঙ্ঘনের মতো ঘটনা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জরিপে অংশ নেওয়া প্রতি আটজনে প্রায় একজন শারীরিক সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ধাক্কা দেওয়া, আঘাত করা, থুতু নিক্ষেপ থেকে শুরু করে মারাত্মক শারীরিক আক্রমণের ঘটনা রয়েছে। এমনকি কয়েকজন অভিবাসী দলবদ্ধ হামলা কিংবা অস্ত্র ব্যবহারের কথাও উল্লেখ করেছেন।

‘ইনভিজিবল ভায়োলেন্স’ বা ‘অদৃশ্য সহিংসতা’ শীর্ষক এই গবেষণাটি ২০২৬ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে সম্পন্ন হয়। এতে ৯৮৮টি পূরণকৃত প্রশ্নমালা এবং ২৫টি দীর্ঘ সাক্ষাৎকারের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীরা ৭০টিরও বেশি দেশ থেকে পোল্যান্ডে এসেছেন, যাদের মধ্যে ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ার নাগরিকের সংখ্যাই সর্বাধিক।

সহিংসতার শিকার ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশ মনে করেন, তাদের জাতীয়তার প্রতি পূর্বধারণা বা বিদ্বেষ থেকেই এসব ঘটনা ঘটেছে। অন্যদিকে ১৫ শতাংশ ব্যক্তি ঘটনাগুলোর পেছনে জাতিগত বা বর্ণগত বৈষম্যকে কারণ হিসেবে চিহ্নিত করেছেন। কর্মক্ষেত্র, বিদ্যালয়, দোকানপাট, গণপরিবহন, স্বাস্থ্যসেবা কেন্দ্র, সরকারি দপ্তর ও আবাসিক ভবনে এসব হয়রানির ঘটনা নথিভুক্ত করেছে অকালেনি ফাউন্ডেশন।

কিছু অংশগ্রহণকারী জানান, জনসমক্ষে ইউক্রেনীয় বা রুশ ভাষায় কথা বলার কারণে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। অনেকে আবার তাদের শারীরিক অবয়ব কিংবা ধর্মীয় পোশাকের কারণে হুমকি, বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। ফাউন্ডেশনটি জানায়, প্রতিকূল পরিবেশের কারণে কিছু অভিবাসী নিজেদের জাতীয়তা গোপন রাখতে বাধ্য হচ্ছেন। অনেকে প্রকাশ্যে নিজ মাতৃভাষায় কথা বলা এড়িয়ে চলছেন কিংবা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের দৈনন্দিন চলাফেরার রুটিন পরিবর্তন করেছেন। তবে এত প্রতিকূলতার পরও জরিপে অংশ নেওয়া ৭২ দশমিক ৫ শতাংশ অভিবাসী পোল্যান্ডে নিরাপদ বোধ করার কথা জানিয়েছেন।

গবেষণায় সহিংসতা সংক্রান্ত অভিযোগ জানানোর ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা উঠে এসেছে। নিপীড়নের শিকার হওয়া অভিবাসীদের মধ্যে মাত্র ১৩ দশমিক ২ শতাংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। অন্যদিকে ৭১ দশমিক ৫ শতাংশ জানিয়েছেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে কোথায় অভিযোগ করতে হয় তা তাদের জানা নেই।

সাক্ষাৎকার দেওয়া অভিবাসীরা জানান, ভাষাগত জটিলতা, পুলিশের প্রতি আস্থার অভাব, অভিবাসন সংক্রান্ত বৈধতা হারানোর ভয় এবং অভিযোগকে গুরুত্ব না দেওয়ার আশঙ্কাই তাদের নীরব থাকার মূল কারণ। সহিংসতা পরবর্তী সহায়তা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া ৪২৪ জন অভিবাসীর মধ্যে ৬৭ দশমিক ৯ শতাংশ জানান, তারা কোনো ধরনের সহায়তা পাননি।

এই পরিস্থিতিতে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ, দোভাষীদের সহজলভ্যতা, কর্মক্ষেত্রে শোষণ প্রতিরোধে কঠোর সুরক্ষা ব্যবস্থা এবং সহিংসতা ও বৈষম্য জানানোর কার্যকর প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছে ফাউন্ডেশনটি। একই সঙ্গে অভিবাসীবিরোধী বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণার প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.