আপনি পড়ছেন

দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার প্রথম দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে। এনসিপির নেতারা দুপুরে সরকারপ্রধানের সঙ্গে আলোচনায় বসবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ আজ, দুটি শর্ত দেবে এনসিপি
তারেক রহমান ও নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে। জানা গেছে, আজকের সংলাপে জাতীয় ঐক্যের জন্য ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে প্রধানমন্ত্রীকে দুটি শর্ত দেবে দলটি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে আলাপও বলেন। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হবে।

ঐক্যের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে। জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে মালয়েশিয়ায় যাবেন। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল রোববার গণমাধ্যমকে বলেন, একটি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ডাক দিয়েছেন। এটাকে সবারই সাধুবাদ জানানো উচিত।

নাহিদ ইসলাম যুক্তরাজ্যে সফর শেষে গতকাল বিকেলে দেশে ফিরেছেন। সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে সেখানে এনসিপি কী বলবে, তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যদি সংলাপের আহ্বান জানান, দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে তারা সেই সংলাপে সাড়া দেবেন। তাঁরা মূলত শুনতে চাইবেন প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা তাঁকে সাজেশন দিয়ে আসব— জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হব। সেটার প্রধান ধাপ হচ্ছে সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়া।’

জাতীয় ঐক্যের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে যে তারা আসলেই জাতীয় ঐকমত্য চাইছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, জানুয়ারিতে তারা আবার এই একদলীয় কমিটির রায় ও মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে— এ ধরনের কোনো জাতীয় ঐক্যপ্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, সঠিকভাবে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর—এই মৌলিক বিষয়গুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে বলে মন্তব্য করেন নাহিদ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.