কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিন দিন আরও শক্তিশালী ও বিস্তৃত হওয়ার পাশাপাশি এর ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রযুক্তির নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিনি বিশ্বের সব দেশকে এখনই একযোগে কাজ করার আহ্বান জানান। সোমবার বার্বাডোজের ব্রিজটাউনে অনুষ্ঠিত ‘এআই সেফটি’ বিষয়ক এক বিশেষ শীর্ষ সম্মেলনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তাগিদ দেন।

অ্যান্তোনিও গুতেরেস: এআই ঝুঁকি বাড়ছে, বৈশ্বিক পদক্ষেপ জরুরি
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

শীর্ষ সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস বলেন, এআই অভাবনীয় গতিতে এগিয়ে চলেছে। এটি মানুষের কাজ, শিক্ষা এবং যোগাযোগের ধরন বদলে দিচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

তবে সাম্প্রতিক কারিগরি বিভ্রাট ও সাইবার হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা দৈনন্দিন নির্ভরতার ডিজিটাল ব্যবস্থার দুর্বলতাগুলোকে স্পষ্ট করে দিয়েছে। এর ওপর এআই প্রযুক্তি এসব হুমকিকে আরও বহুগুণ বাড়িয়ে তুলছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এআই ব্যবস্থাগুলো দিন দিন আরও বেশি সক্ষম ও স্বায়ত্তশাসিত হয়ে উঠছে। আমরা নতুন সাইবার নিরাপত্তা ঝুঁকি দেখতে পাচ্ছি। সেই সঙ্গে এটি অপব্যবহার ও কারসাজির নতুন সুযোগ তৈরি করছে।’

ব্রিজটাউনে এই আলোচনার আয়োজন একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মুষ্টিমেয় কয়েকজন সবার জন্য এআইয়ের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। তিনি জানান, এআই ইতিমধ্যে প্রতিটি অর্থনীতি ও সমাজে প্রবেশ করেছে। তা সত্ত্বেও বাজারে আসা নতুন এই প্রযুক্তি মূল্যায়ন, এর ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংকটকালে নাগরিকদের সুরক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত উপকরণ, জ্ঞান ও সক্ষমতা অনেক দেশের এখনো নেই।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘এই সক্ষমতার ব্যবধান অবশ্যই দূর করতে হবে। প্রতিটি দেশেরই এআইকে নিরাপদে পরিচালনা করার সক্ষমতা থাকা দরকার।’ তিনি আরও জানান, এ সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থাগুলো এখনো বিচ্ছিন্ন রয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পারছে না।

জাতিসংঘ মহাসচিব উদীয়মান ঝুঁকিগুলো নিয়ে একটি অভিন্ন বোঝাপড়া গড়ে তোলা এবং শক্তিশালী এআই ব্যবস্থা মূল্যায়নে নির্ভরযোগ্য ও স্বাধীন পদ্ধতি তৈরির আহ্বান জানান। পাশাপাশি তিনি বৈশ্বিক দক্ষিণের অঞ্চলগুলোতে ন্যূনতম এআই সক্ষমতা গড়ে তুলতে রাষ্ট্র, বেসরকারি খাত, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন ফাউন্ডেশন ও দাতাদের জরুরি ভিত্তিতে তহবিল ও বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানান।

গুতেরেস আরও বলেন, ‘ঝুঁকিগুলো বৈশ্বিক। তাই আমাদের পদক্ষেপও বৈশ্বিক হতে হবে। এই কারণেই আমাদের এখনই কাজ করতে হবে।’

একই সুর মিলিয়ে বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মটলি সতর্ক করে বলেন, এআই তৈরি ও পরিচালনার সক্ষমতা যদি কেবল কয়েকটি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে বিদ্যমান বৈষম্য আরও বাড়বে। বিশ্বের সব অঞ্চলে এআই সক্ষমতা গড়ে তুলতে জরুরি বিনিয়োগের ওপর জোর দিয়ে তিনি অবকাঠামো, ডেটাসেট, দক্ষতা এবং স্থানীয় মূল্যবোধ ও অগ্রাধিকারকে সম্মান জানায় এমন মডেল তৈরির প্রতি ইঙ্গিত করেন। একই সঙ্গে কর্মীবাহিনীকে প্রস্তুত করার জন্য এগুলো অত্যন্ত প্রয়োজনীয় বলে তিনি উল্লেখ করেন।

মটলি বলেন, এআই উদ্ভাবনকে অবশ্যই মানবাধিকারের বিকাশ ঘটাতে হবে এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে হবে। এর মাধ্যমে যেন বৈচিত্র্য নিশ্চিত হয় এবং সব মানুষ নিজেদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারে।

অতীতের শোষণমূলক ব্যবস্থার পুনরাবৃত্তি নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘অস্বাভাবিক মুনাফা করতে চায় এমন গুটি কয়েক মানুষের স্বার্থে আমরা আবারও মানুষকে কেবল ডেটা প্যাক হিসেবে পণ্য হতে দেখতে চাই না।’ একই সঙ্গে সার্বভৌমত্ব ও স্থানীয় শিক্ষার সুবিধার্থে নিজস্ব এআই গড়ে তোলা এবং প্রযুক্তির বৈজ্ঞানিক সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.