আপনি পড়ছেন

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। টানা ১২ ঘণ্টার আলোচনা শেষে ২৫ নভেম্বর ভোরের দিকে সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বর্তমান ১২ হাজার ৫০০ টাকা থেকে এই হার প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পাবে।

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে
ছবি - সংগৃহীত

পোশাক খাতের মজুরি নির্ধারণের ইতিহাসে এটিই দ্রুততম সিদ্ধান্তের দৃষ্টান্ত। গত ১ নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠনের মাত্র ২৪ দিনের মাথায় অংশীজনদের মতৈক্যে এই প্রস্তাবনা চূড়ান্ত হলো। সাধারণত মজুরি কাঠামো নির্ধারণে দীর্ঘসূত্রতা দেখা গেলেও এবার রেকর্ড সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী আগে পাঁচ বছর পর পর ন্যূনতম মজুরি পর্যালোচনার বাধ্যবাধকতা থাকলেও আইন সংশোধনের মাধ্যমে এই সময়সীমা তিন বছরে নামিয়ে আনা হয়। এর আগে ২০২৩ সালে সর্বশেষ মজুরি ঘোষণা করা হয়েছিল।

নতুন কাঠামোতে চারটি গ্রেডে মজুরি বিন্যাস করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১ নম্বর গ্রেডের কর্মীদের মাসিক ন্যূনতম মজুরি ৪৩ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২ নম্বর গ্রেডে ৪০ দশমিক ১১ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা এবং ৩ নম্বর গ্রেডে ৪০ দশমিক ২২ শতাংশ বাড়িয়ে ১৯ হাজার টাকা করা হয়েছে। এছাড়া সাধারণ অপারেটরসহ ৪ নম্বর গ্রেডের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

মালিকপক্ষ আগামী ডিসেম্বর থেকেই এই নতুন কাঠামো কার্যকরে সম্মতি প্রকাশ করেছে। ফলে ডিসেম্বরের কাজের জন্য শ্রমিকরা নতুন হারে বেতন পাওয়ার যোগ্য হবেন। প্রতি মার্কিন ডলার ১২২ টাকা হিসাবে প্রস্তাবিত ১৭ হাজার টাকার ন্যূনতম মজুরি প্রায় ১৩৯ ডলারের সমান, যা বর্তমান কাঠামোতে ছিল প্রায় ১০২ ডলার। তবে সরকারি প্রজ্ঞাপন জারির আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চাইলে এই হার আরও বৃদ্ধি করতে পারে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও একই ধরনের সংশোধনের নজির রয়েছে।

শতাংশের হিসাবে প্রস্তাবিত ৩৬ শতাংশ মজুরি বৃদ্ধি ১৯৮৬ সালে খাতটিতে ন্যূনতম মজুরি কাঠামো চালুর পর থেকে সর্বনিম্ন। ১৯৮৬ সালে পোশাক খাতের ন্যূনতম মজুরি ছিল ৬২৭ টাকা। এরপর ১৯৯৪ সালে তা ৪৮ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। পরবর্তীতে ২০০৬ সালে ৭৯ শতাংশ বেড়ে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা এবং ২০১০ সালে ৮০ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছিল। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর মজুরি ৭৬ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২০১৮ সালে ৫১ শতাংশ বাড়িয়ে ৮ হাজার টাকা এবং ২০২৩ সালে ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।

এদিকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত অক্টোবর থেকে শুরু হওয়া শ্রমিক বিক্ষোভ ২৪ নভেম্বরও অব্যাহত ছিল। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে সাভার, গাজীপুর ও মিরপুরের ৪৮১টি পোশাক কারখানায় উৎপাদন কাজ বন্ধ থাকে। একই দাবিতে ঢাকার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক সংহতিসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মানববন্ধন করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.