আপনি পড়ছেন

বেসরকারি আবাসন খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে জমির মালিক ও সাধারণ ক্রেতারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। ভূমি নির্বাচন, ক্রয় ও দখল থেকে শুরু করে প্রকল্প অনুমোদন এবং প্লট হস্তান্তর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অনিয়ম প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এদিকে নিয়ন্ত্রক সংস্থা, স্থানীয় প্রশাসন ও ইউটিলিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও সদিচ্ছার অভাবে প্রভাবশালী আবাসন কোম্পানিগুলো আইনি বাধ্যবাধকতা এড়িয়ে চলছে।

টিআইবি: বেসরকারি আবাসন খাতে অনিয়মে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ক্রেতা
টিআইবির সংবাদ সম্মেলন

আজ বুধবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান, গবেষক অতনু দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গবেষণায় বলা হয়েছে, বিদ্যমান আইন ও বিধিমালার ফাঁকফোকর, শিথিল প্রয়োগ এবং সমন্বয়হীনতার সুযোগ নিয়ে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে ধারাবাহিকভাবে আইন লঙ্ঘনের প্রবণতা দেখা গেছে। ভূমি নির্বাচন, ক্রয় ও দখল, প্রকল্প অনুমোদন থেকে শুরু করে প্লট হস্তান্তর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পদ্ধতিগত অনিয়ম ও দুর্নীতির প্রবণতা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। অপরাধপ্রবণতা, তথ্যপ্রবাহ রুদ্ধ করা, নাগরিক অংশগ্রহণ সীমিত রাখা এবং দুর্বল বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে একধরনের আইনি দায়মুক্তির সংস্কৃতি গড়ে উঠেছে। রাজনৈতিক ছত্রচ্ছায়া, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনিক অনানুষ্ঠানিক নেটওয়ার্কের সহায়তায় বড় ডেভেলপারদের একটি প্রভাবশালী স্বার্থান্বেষী বলয় তৈরি হয়েছে। এটি নীতিনির্ধারণী প্রক্রিয়া ও সামগ্রিক নিয়ন্ত্রক কাঠামোর কার্যকারিতাকে প্রভাবিত করছে।

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোম্পানিগুলোর অতি মুনাফাকেন্দ্রিক প্রবণতা এবং অনিয়ম-দুর্নীতির ফলে জমির মালিক ও সাধারণ ক্রেতারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। সামগ্রিকভাবে এসব সমস্যা ঢাকা শহরের পরিবেশগত সুরক্ষা ও স্থিতিশীলতা, পরিকল্পিত নগরায়ণ, সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

গবেষণায় বেসরকারি আবাসন খাতে সুশাসন নিশ্চিত করতে একটি সমন্বিত আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার কর্মসূচি গ্রহণের সুপারিশ করা হয়েছে। সুপারিশে বিদ্যমান আইন ও বিধিমালা সংস্কারের মাধ্যমে ক্রেতা, ভূমির মালিক ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং পরিবেশ ও কৃষিজমি সংরক্ষণকে অধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

সেই সঙ্গে প্রকল্প অনুমোদন, ভূমি উন্নয়ন ও আবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির জন্য রাজউককে কেন্দ্র করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় কাঠামো, তথ্যপ্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা, জিআইএসভিত্তিক তথ্য ব্যবস্থাপনা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।

আবাসন খাতে জবাবদিহি ও ভোক্তা সুরক্ষা জোরদারের জন্য প্রকল্প-সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ, বাধ্যতামূলক আর্থিক ও প্রাতিষ্ঠানিক নিরীক্ষা, কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং স্বাধীন বিরোধ নিষ্পত্তি কাঠামো গঠনেও গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে অবৈধ প্রকল্প, জলাশয় ও ভূমি দখল, অনুমোদনবিহীন বিজ্ঞাপন, নিয়মবহির্ভূত অর্থ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। সব আর্থিক লেনদেন আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার কথাও বলা হয়েছে গবেষণায়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.