নতুন বিশ্বব্যবস্থা গঠনে মুসলিম বিশ্বকে তুরস্কের আহ্বান
বিশ্বমঞ্চে গড়ে ওঠা নতুন আন্তর্জাতিক ব্যবস্থার গতিপ্রকৃতি নির্ধারণে মুসলিম দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার ইস্তাম্বুলে আয়োজিত ‘আল শারক ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি জানান, মুসলিম বিশ্বের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের জন্য পারস্পরিক সংহতি ও বৃহত্তর সহযোগিতা গড়ে তোলা অপরিহার্য।

সম্মেলনে হাকান ফিদান বলেন, ‘আজ আমরা যেসব সিদ্ধান্ত নেব, তা মুসলিম বিশ্বের ভবিষ্যৎ গঠনে নির্ণায়ক ভূমিকা পালন করবে।’ বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে প্রায় ২ হাজার চিন্তাবিদ এই ফোরামে অংশ নেন। এই সম্মেলনকে মুসলিম বিশ্বের একটি প্রকৃত মিলনমেলা হিসেবে অভিহিত করেন তিনি।
আন্তর্জাতিক ব্যবস্থার বর্তমান রূপান্তর তুলে ধরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু স্থানান্তরিত হচ্ছে। প্রাচ্যজুড়ে রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক গতিশীলতা ও প্রযুক্তিগত উদ্ভাবনের নতুন কেন্দ্র গড়ে উঠছে। আন্তর্জাতিক ব্যবস্থা এখনো পুরোপুরি চূড়ান্ত রূপ পায়নি এবং তা নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতা চলছে।
বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বেশি মানুষের প্রতিনিধিত্ব করছে মুসলিম বিশ্ব। তাই চলমান রূপান্তরের কেন্দ্রে মুসলিম দেশগুলোর অবস্থান নেওয়া উচিত বলে মন্তব্য করেন ফিদান। তিনি বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের ভাগ্য অন্য কোথাও নেওয়া সিদ্ধান্তের ওপর নির্ভর করে ছিল। আমরা যদি দ্বিধাদ্বন্দ্বে থাকি এবং নিষ্ক্রিয় বসে থাকি, তবে অন্যরা আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে।’ নতুন আন্তর্জাতিক শৃঙ্খলা গঠন এবং নিজস্ব ভাগ্য নির্ধারণের জন্য মুসলিম বিশ্বের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে বলে তিনি উল্লেখ করেন।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্য রাষ্ট্রের কথা স্মরণ করিয়ে দিয়ে ফিদান জানান, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে এবং পারস্পরিক সংহতি বজায় রাখলে ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে জোরালো ভূমিকা রাখতে পারবে। বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলালেও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জটিল সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে বলে তিনি সতর্ক করেন।
হাকান ফিদান বলেন, ‘আধুনিক সংকটগুলো এখন আর কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা মানে না।’ বর্তমান পরিস্থিতিতে একটি ছোট সংকটও বিশ্বব্যাপী বড় ধরনের অস্থিতিশীলতার কারণ হতে পারে। নিরাপত্তা ও সমৃদ্ধি বাড়াতে যৌথ সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মুসলিম চিন্তাবিদ ইবনে খালদুনের ‘আসাবিয়্যাহ’ বা সামাজিক সংহতির ধারণার উদাহরণ টেনে ফিদান জানান, যৌথ কর্মকাণ্ডের ভিত্তি হিসেবে অভিন্ন বিশ্বাস, মূল্যবোধ এবং সভ্যতার ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিন্ন উদ্দেশ্য, সম্মিলিত নিরাপত্তা ও সমন্বিত সমৃদ্ধি নিশ্চিত করতে তিনি মুসলিম বিশ্বের মধ্যে সুদৃঢ় ঐক্যের ডাক দেন।
সংহতিকে ফলপ্রসূ করতে ‘আঞ্চলিক মালিকানা’ বা আঞ্চলিক উদ্যোগকে মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন ফিদান। তিনি জানান, যেসব সিদ্ধান্তের ফলাফল সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের ওপর প্রভাব ফেলে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদেরই নেতৃত্ব দেওয়া উচিত। তবে আঞ্চলিক মালিকানা মানে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্ত হওয়ার এটি একটি দৃঢ় ভিত্তি।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক আঞ্চলিক মালিকানাকে তার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে নির্ধারণ করেছে বলে জানান ফিদান। আঞ্চলিক সমস্যাগুলো নিজেদের সমাধান করার এবং অঞ্চলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
এ প্রসঙ্গে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর কথা উল্লেখ করেন ফিদান। শুক্রবার ইসলামাবাদে এই জোটের কৌশলগত নীতি ও প্রতিরক্ষা কমিটির দ্বিতীয় বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি স্মরণ করে তিনি জানান, অঞ্চলের সংকট মোকাবিলায় প্রতিটি দেশই নিজস্ব অনন্য সক্ষমতা ও অভিজ্ঞতা নিয়ে কাজ করছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অন্যান্য আঞ্চলিক দেশকে যুক্ত করে এই জোট ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক হবে।
একই সঙ্গে তুরস্ক, মিশর, পাকিস্তান ও সৌদি আরবের সমন্বয়ে গঠিত ‘রিজিওনাল কোয়ার্ট্রেট (আর-৪)’ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জটিল আঞ্চলিক চ্যালেঞ্জের টেকসই সমাধানের লক্ষ্যে এটি একটি কার্যকর আলোচনার মাধ্যম হিসেবে কাজ করছে। নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সংহতি, শক্তিশালী বাণিজ্য সম্পর্ক, যোগাযোগ বৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সম্মিলিত সক্ষমতা গড়ে তোলারও তাগিদ দেন তিনি।
আন্তর্জাতিক ব্যবস্থার ভারসাম্য নিয়ে কথা বলতে গিয়ে ফিদান উল্লেখ করেন, শুধু স্থিতিশীলতা যথেষ্ট নয়; ন্যায় ও বৈধতার ওপর প্রতিষ্ঠিত আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল বিশ্বব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। মানবতার বিবেককে নাড়া দেয় এমন সব ইস্যুতে মুসলিম বিশ্বকে একসুরে কথা বলার আহ্বান জানান তিনি।
ফিলিস্তিন প্রসঙ্গে ফিদান বলেন, ‘আমাদের জন্য ফিলিস্তিন সবসময়ই প্রধান নৈতিক দিশারি। আমরা গাজায় বর্বরোচিত গণহত্যা ও পশ্চিম তীরে দখলদারদের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছি।’ গাজায় মানবিক সহায়তা পৌঁছানো, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্নির্মাণ এবং ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে তুরস্কের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে স্বীকার করে ফিদান জানান, সমাজের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন কখনোই ভুলে যাওয়া উচিত নয়। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের ভবিষ্যতের জন্য আপনাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ প্রযুক্তি ও জ্ঞানের অবাধ সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন সমাজের মধ্যে স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। কোনো মানুষ তার বর্ণ বা পরিচয়ের কারণে অন্য কারও চেয়ে শ্রেষ্ঠ নয় উল্লেখ করে তিনি জানান, ন্যায়পরায়ণতা, সততা ও মানবিক মর্যাদাকে সমুন্নত রাখাই ধর্মের মূল শিক্ষা। মুসলিম বিশ্বকে তার প্রাপ্য অবস্থানে পৌঁছে দিতে তরুণদের প্রচলিত ধারার বাইরে এসে নতুন নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.