পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে গড়তে চায় সরকার
সারা দেশের যোগাযোগব্যবস্থাকে একটি আধুনিক কাঠামোর আওতায় আনতে সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করার পাশাপাশি আগামী পাঁচ বছরে ৫০০ কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই রূপরেখা বাস্তবায়িত হলে বিভিন্ন রুটে যানজট নিরসনের পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনের গতি বাড়বে। একই সঙ্গে সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্তবর্তী এলাকা ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ গড়ে তোলা হবে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মপরিকল্পনা নিয়ে প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্সে এই মেগা প্রকল্পের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নেতৃত্বে এই কার্যক্রম বাস্তবায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি), স্থানীয় সরকার বিভাগ, বিআরটিএ, বিআরটিসি ও ডিটিসিএ যৌথভাবে কাজ করবে।
কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রথম ছয় মাসের মধ্যে উচ্চ চাহিদাসম্পন্ন প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং সম্পন্ন করা হবে। পরবর্তী এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে। এই নেটওয়ার্কে বিশেষ গুরুত্ব পাচ্ছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর ২৪ কিলোমিটার এবং ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার করিডর।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাসসকে জানিয়েছেন, যোগাযোগব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। সব জেলাকে চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত করে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা হবে। এতে রাজধানী ছাড়াও শিল্পাঞ্চল ও বন্দরগুলোর সংযোগ শক্তিশালী হবে। অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।
মহাসড়কের সক্ষমতা ও স্থায়িত্ব রক্ষায় ভারী যানবাহনের ওজন নজরদারির ওপরও জোর দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানিয়েছেন, ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন, এক বছরের মধ্যে এক্সেল লোড নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পাঁচ বছরে পূর্ণাঙ্গ জাতীয় নজরদারি ব্যবস্থা কার্যকর করা হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও জমি অধিগ্রহণ প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের এই পঞ্চবার্ষিক রূপরেখায় গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় পদ্মা সেতু (পাটুরিয়া-দৌলতদিয়া), দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু ও ভোলা-বরিশাল সেতু। প্রথম ছয় মাসে দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগ এবং এক বছরের মধ্যে সমীক্ষা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানিয়েছেন, এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে সড়কের নকশা, কারিগরি মান, পানি নিষ্কাশন ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় মহাসড়কের পাশাপাশি গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে পাকা করার পরিকল্পনা রাখা হয়েছে, যাতে কৃষিপণ্য দ্রুত বাণিজ্যিক কেন্দ্রে পৌঁছাতে পারে। তবে পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বাসসকে উল্লেখ করেছেন, এক্সপ্রেসওয়ে নির্মাণের ক্ষেত্রে ভবিষ্যৎ পরিবহন চাহিদা নিরূপণ করা জরুরি। অবকাঠামো নির্মাণের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন এবং প্রবেশ ও বের হওয়ার নিরাপদ সংযোগ নিশ্চিত করা না গেলে যানজট নিরসন কঠিন হবে। পাশাপাশি পাঁচ বছরে ৫০০ কিলোমিটার লক্ষ্যমাত্রা অর্জনে জমি অধিগ্রহণ ও অর্থায়নের প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করার ওপর জোর দেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.