আপনি পড়ছেন

কোস্টারিকায় প্রবেশের অনুমতি না পেয়ে সান হোসের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে বসে ভিডিও লিংকের মাধ্যমে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ।

বিমানবন্দরের মেঝেতে বসেই সম্মানসূচক ডক্টরেট নিলেন আলবানিজ
ফ্রানচেসকা আলবানিজ

বৃহস্পতিবার রাতে সান হোসের হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের মুখে বাধা দেওয়ার পর টানা দুই রাত সেখানেই অবস্থান করতে বাধ্য হন এই ইতালীয় আইনজীবী। মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে কোস্টারিকা বিশ্ববিদ্যালয় তাঁকে এই ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয় মিলনায়তনের বড় পর্দায় মেঝেতে বসা আলবানিজকে দেখে মিলনায়তনে উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান।

টার্মিনালের মেঝেতে বসে দেওয়া বক্তব্যে আলবানিজ বলেন, কোস্টারিকা সরকার তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ অসত্য। মানবাধিকার রক্ষা করা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলেও তিনি উল্লেখ করেন। এর আগে কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের প্রধান ওমর বাদিল্লা এক ভিডিও বিবৃতিতে দাবি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার আন্তর্জাতিক সতর্কতার তালিকায় নাম থাকায় আলবানিজকে দেশে ঢুকতে দেওয়া হয়নি।

শনিবার বিমানযোগে মেক্সিকোর উদ্দেশে কোস্টারিকা ত্যাগ করার আগে আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, কোস্টারিকা মুক্ত হলে তিনি আবার দেশটিতে ফিরে আসবেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক কোস্টারিকা সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানবাধিকারের প্রতি দেশটির দীর্ঘদিনের প্রতিশ্রুতির সঙ্গে এই সিদ্ধান্ত মেলানো কঠিন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এই পদক্ষেপকে দেশটির সরকারের জন্য দীর্ঘ মেয়াদে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন।

কোস্টারিকার বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন সরকারের এই ভূমিকার নিন্দা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের আইনি ভিত্তি ব্যাখ্যার দাবি তুলেছে। ১৯৮৭ সালে শান্তিতে নোবেলজয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াস বিমানবন্দরে গিয়ে আলবানিজের সঙ্গে দেখা করেন এবং সরকারের আচরণের প্রতিবাদ জানান। এ ছাড়া হলিউড অভিনেতা মার্ক রাফালো বিষয়টিকে আন্তর্জাতিক কূটনৈতিক বিতর্কের অংশ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন কোস্টারিকার পদক্ষেপের প্রশংসা করে অভিযোগ করেন, আলবানিজ তাঁর পদের অপব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন।

আলবানিজ ২০২২ সালের মে মাসে প্রথম নারী হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার নিযুক্ত হন। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত আলবানিজকে পদ থেকে সরানোর জন্য এর আগেও বিভিন্ন পক্ষ তৎপরতা চালায়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হওয়ার পর গাজায় যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এরপর থেকে ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৭৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সমর্থন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমান মার্কিন সরকার আইসিসিকে একটি অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ তুললেও আলবানিজ তা প্রত্যাখ্যান করেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কোস্টারিকার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের সরকার ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.