আইনমন্ত্রী: ওই এসিল্যান্ড অন্যায় করেছেন
- Details
- by নিজস্ব প্রতিবেদক
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মাস্ক না পরার কারণে বৃদ্ধ লোকদের কান ধরে উঠবস করিয়ে অন্যায় করেছেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাইয়েমা হাসান। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

আজ শনিবার একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এর আগে গতকাল শুক্রবার যশোরের মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় মাস্ক না পরায় তিন বৃদ্ধ তথা এক সাইকেল চালক, তরকারি বিক্রেতা ও এক ভ্যানচালককে কান ধরে উঠবস করান তিনি। সেইসঙ্গে নিজেই মোবাইলে সেই ঘটনার ছবি তোলেন। যা দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
আইনমন্ত্রী বলেন, সরকারের আমলারা হচ্ছেন জনগণের সেবক। তারা যদি এমন কোনো আচরণ করেন- যাতে জনগণ কষ্ট পান, তা মেনে নেয়া যায় না।
আনিসুল হক আরো বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনগণকে সচেতন করার অংশ হিসেবেই পুলিশ, সশস্ত্রবাহিনী ও প্রশাসনকে মাঠে নামানো হয়েছে। কারো ওপর জুলুম করার জন্য নয়।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে মানুষ এমনিতেই আতঙ্কে আছে। তার ওপর কেউ যদি বাড়তি আতঙ্ক সৃষ্টিতে ভূমিকা রাখেন, তাহলে তিনি অন্যায় করেছেন।
ওই ঘটনার পর আজ শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলেও জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী বলেন, মাস্ক না পরায় বৃদ্ধ লোকদের কান ধরানোর ঘটনা অশোভনীয় হয়েছে। এটি অন্যায় হয়েছে। এসিল্যন্ড সাইয়েমাকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর