ম্যাচ ফিক্সারদের ফাঁসি চান মিয়াঁদাদ
- Details
- by খেলাধুলা ডেস্ক
ক্রিকেটের কলঙ্কিত এক অধ্যায়ের নাম ম্যাচ ফিক্সিং। পাকিস্তানি ক্রিকেটারদের ওপরই বেশিরভাগ ফিক্সিংয়ের কালো থাবা পরতে দেখা গেছে। দেশটির অনেক প্রতিভা অকালে ঝরে গেছে ফিক্সিংয়ে জড়িয়ে। নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করে কেউ কেউ ক্রিকেটে ফিরেও এসেছেন।

কিন্তু ম্যাচ ফিক্সারদের আর মাঠে দেখতে চান না জাভেদ মিয়াঁদাদ। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো ক্রিকেটারদের কঠিনতর শাস্তি দাবি করলেন পাকিস্তানি কিংবদন্তি। ফিক্সারদের নিষেধাজ্ঞা না দিয়ে, সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দড়িতে ঝোলানোর জোর দাবি জানালেন মিয়াঁদাদ। যাতে ফিক্সিং করার দুঃসাহস আর কেউ দেখাতে না পারেন।
শনিবার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেছেন, ‘যেসব খেলোয়াড় ম্যাচ গড়পেটায় জড়াবে তাদের আলাদা শাস্তি হওয়া উচিত। ফিক্সারদের ফাঁসিতে ঝোলানো উচিত। কারণ তারা যা করছে তা হত্যা করার শামিল। কাজেই এর শাস্তির মাত্রাও তেমন হওয়া দরকার।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক আরো বলেছেন, ‘এমন একটা উদহারণ তৈরি করা দরকার (ফাঁসি দেওয়া)। তাহলে ক্রিকেটাররা পরিবার এবং বাবা-মায়ের কথা চিন্তা করবে। আর কেউ ম্যাচ ফিক্সিংয়ের সাহস করতে পারবে না। আমাদের ইসলাম ধর্মেও এ ধরনের দুর্নীতির প্রশ্রয় দেয় না। পিসিবি তাদের ক্ষমা করে নিজেদের সঠিক কাজটা করছে না। বোর্ডের আরো কঠোর হওয়া উচিত।’
নিষেধাজ্ঞা শেষ করে কয়েকজন ক্রিকেটারই মাঠে ফিরে এসেছেন। কেউ কেউ আন্তর্জাতিক ক্রিকেটেও প্রত্যাবর্তন করেছেন। কিন্তু এমন দৃশ্য আর দেখতে চান না মিয়াঁদাদ। তিনি বলেছেন, ‘দুর্নীতিতে জড়িয়ে পড়া খেলোয়াড়দের জন্য খুব সহজ। তারা টাকা পাচ্ছে এবং প্রভাবিত হচ্ছে। একবার ভাবুন, তারা লাখ লাখ মানুষের বিশ্বাস নিয়ে খেলছে। তাদের ক্ষমা করা এবং আবার খেলতে দেওয়া কতটুকু যৌক্তিক।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর