চ্যাম্পিয়নস লিগ: জিকোর বাজি সিটি-অ্যাটলেটিকো
- Details
- by খেলাধুলা ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের সবচেয়ে বড় চমক আটালান্টা। সবাইকে বিস্মিত করে এই মৌসুমের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালিয়ান ক্লাবটি। শেষ ষোলোর দুই লেগেই স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে হারিয়েছে তারা। দুই লেগ মিলিয়ে ৮-৪ গোলে জিতে শেষ আটে উঠেছে আটালান্টা।

চমক জাগানো এই দলটার রূপকথার স্বপ্নযাত্রা আরো অনেক দূর পর্যন্ত দেখতে পারছেন জিকো। রোববার রাতে ব্রাজিল কিংবদন্তি বলেছেন, ‘আটালান্টা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে পারে।’ অতি উৎসাহী হয়ে বোধহয় কথাটা বলেছেন বিশ্বজয়ী সাবেক ফুটবলার। কিন্তু একটু পরই বাস্তবতায় ফিরে এসেছেন তিনি।
জানালেন এই টুর্নামেন্ট তার বাজির ঘোড়া কারা। এ যাত্রায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিকে বেছে নিয়েছেন জিকো, ‘এক মাস আগেও ফেভারিট হিসেবে লিভারপুলকে আমি চ্যাম্পিয়ন ভাবতাম। কিন্তু তারা একটু দ্রুতই ছন্দ হারিয়েছে এবং বাদ পড়েছে। এখন আপনি ডিয়েগো সিমনের অ্যাটলেটিকো মাদ্রিদকে শিরেপাা প্রার্থী ভাবতে পারেন।’

কেন স্প্যানিশ ক্লাবটিকে শিরোপা দৌড়ে রাখছেন জিকো সেটার ব্যাখ্যাও দিয়েছেন। একই সঙ্গে ম্যানচেস্টার সিটিকেও লড়াইয়ে রাখছেন তিনি, ‘যখন আপনি চ্যাম্পিয়ন দলকে হারাবেন তার মানে আপনি বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলছেন। আমার বিশ্বাস ম্যানচেস্টার সিটি এবং পেপ গার্দিওলা এদের মধ্যে সেরা। ইতালিতে আমি আটালান্টার কথা বলব। ওরা দারুণ ফুটবল খেলছে আমি ওদের ফাইনালে দেখতে পাচ্ছি। ওদের হারানো খৃব কঠিন হবে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুম আপাতত স্থগিত আছে। মৌসুম এখন শেষ ষোলোর মাঝামাঝিতে। কবে নাগাদ টুর্নামেন্ট শুরু হবে তা কার্যত বলা কঠিন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর