ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে চায়নি লিভারপুল
- Details
- by খেলাধুলা ডেস্ক
লিভারপুলে দারুণ কাটছিল ফিলিপ্পে কুতিনহোর সময়। কিন্তু একটা প্রস্তাবই সব এলোমেলো করে দিয়েছে। অ্যানফিল্ড ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে। রেকর্ড ট্রান্সফারে কুতিনহো পাড়ি জমান স্প্যানিশ ফুটবলে; নাম লেখান জায়ান্ট দল বার্সেলোনায়।

২০১৮ সালে কুতিনহোকে বার্সার কাছে বিক্রি করে দেয় লিভারপুল। ১০০ মিলিয়ন পাউন্ডে ন্যু ক্যাম্পে মেসি-নেইমারদের সঙ্গে যোগ দেন ব্রাজিলিয়ান সেনসেশন। দলের অন্যতম সেরা ফুটবলারকে ন্যু ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্তটা সহজ ছিল না। এমনটাই দাবি করলেন লিভারপুল প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ।
মঙ্গলবার রাতে পিউর ফুটবল পডকাস্টকে জার্মান কোচ বলেছেন, ‘আমি শুরু থেকেই ফিলের (ফিলিপ্পে কুতিনহো) দলবদলকে সম্মান করেছি। এটা যে আমরা সবসময় করি তা নয়। কিন্তু ওর কাছে এটা ভালো মনে হয়েছে। যদিও এটা (কুতিনহোকে বিক্রি করাটা) আমাদের জন্য খুব কঠিন ছিল।’

কেন কঠিন ছিল সেটার ব্যাখ্যাও দিয়েছেন লিভারপুল কোচ, ‘কয়েক সপ্তাহ আগে আমরা নতুন চুক্তি করি। কিন্তু ও আমাকে অন্য একটা ক্লাবের (বার্সেলোনা) বিষয়ে বলছিল। এরপরই আমাদের কঠিন সময় এলো। সমাধানের কোনো উপায় ছিল না। ওই সময় আমরা আদম ললনাকেও হারিয়েছিলাম। একই সঙ্গে আমাদের দুজন খেলোয়াড়কে হারাতে হয়েছে। এটা খুব কঠিন ছিল।’
বার্সায় যোগ দিয়ে কঠিন সময় পার করতে হয়েছে কুতিনহো-কেও। কাতালানদের একাদশে নিয়মিত হতে পারছিলেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এ কারণে কুতিনহোকে বায়ার্ন মিউনিখে ধারে খেলতে পাঠিয়ে দেয় বার্সা। জার্মান ফুটবলে অবশ্য সময়টা দারুণ কাটছে লিভারপুল সাবেক মিডফিল্ডারের।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর