লকডাউনেও জানাজায় লাখো মানুষ
- Details
- by নিজস্ব প্রতিবেদক
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে টানা সাধারণ ছুটি চলছে। বন্ধ রয়েছে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানাসহ অন্যান্য প্রতিষ্ঠান। চলছে না গণপরিবহন। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের গণজমায়েত। এমনকি মসজিদে জুমার নামাজ ও পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে পাঁচ জনের বেশি উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে বাতিল করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান এবং স্বাধীন দিবস, পহেলা বৈশাখ ও শবে বরাতের মসজিদ-কেন্দ্রিক অনুষ্ঠান।
কিন্তু এত সবের মধ্যে আজ শনিবার খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে সকাল ১০টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জুবায়ের আহেমদ আনসারীর দ্বিতীয় ছেলে মাওলানা আসাদুল্লাহ গালিব।
জানা যায়, জানাজায় অংশ নিতে লকডাউন ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জানাজায় অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া ও পার্শ্ববর্তী জেলা এবং বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে ও পায়ে হেঁটে এবং অন্যান্য উপায়ে মানুষ আসেন বেড়তলায়।

প্রত্যাশার চেয়ে মানুষ এত বেশি হয় যে, মাদরাসা মাঠে জায়গা না হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত দুই কিলোমিটার পর্যন্ত মানুষ জানাজায় অংশ নেয় মানুষ। জানাজা শেষে দেশের প্রখ্যাত এ আলেমের লাশ মাদরাসা প্রাঙ্গণেই দাফন করা হয়।
এ ব্যাপারে সরাইল থানার ওসি সাহাদাত হোসেন বলেন, জানাজায় অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়ার বাইরে অন্যান্য জেলা থেকেও মানুষ এসেছে। আমরা ধারণাই করতে পারিনি যে এতো মানুষ হবে। এক পর্যায়ে লোকজন যখন শুধু আসতেই থাকে তখন আর আমাদের কিছু করার ছিল না।
জানাজায় অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ও ইউনুছিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মুবারক উল্লাহ, বিশিষ্ট আলেম আল্লামা হাসান জামির, সাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান, খেলাফত মজলিশের মহাসচিব মুফতি মাহফুজুল হক, যুব মজলিশের সভাপতি মাওলানা মামুনুল হক প্রমুখ অংশ নেন।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি ও দেশবরেণ্য এ মুফাসসিরে কোরআন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
তিনি দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ইসলামের দাওয়াত দিয়েছেন। আকর্ষণীয় কোরআন তেলাওয়াত ও তাফসির শোনার জন্য তার ওয়াজে মানুষের ব্যাপক উপস্থিতি থাকতো।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর