জীবনের ঝুঁকি নিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে পুলিশ
- Details
- by নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হাসিমুখে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে গত একদিনের ব্যবধানে নতুন করে আরো একজন পুলিশ সদস্য ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মরণঘাতী এই ভাইরাসটিতে সংক্রমিত হলেন ২১৮ জন পুলিশ সদস্য।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হাসিমুখে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। ইতোমধ্যে ২১৮ জন পুলিশ সদস্য ভাইরাসটিতে সংক্রমিত হয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছেন। এ ছাড়া ৬৫২ জন কোয়ারেন্টাইনে আছেন এবং প্রায় ২ লক্ষাধিক পুলিশ সরাসরি মাঠ পর্যায়ে করোনার বিস্তার রোধে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের সৎকার, জানাজা, আক্রান্ত পলাতক রোগীদের ধরে আনাসহ দেশের এই সংকটে রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে পুলিশ। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তারা জেনে-শুনেই জীবনের ঝুঁকি নিচ্ছেন। করোনার সংক্রমণ ঠেকাতে গিয়ে নিজের অজান্তেই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা।

সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সব কিছু করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জনসমাগম রোধ, অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার ও তাকে আদালতে প্রেরণ, খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিরাপত্তা দেয়া, দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ, মজুতদারি ও কালোবাজারি রোধ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, খোলা জায়গায় বাজার স্থানান্তর, মানুষের বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, বিভিন্ন স্থানে ধান কাটার শ্রমিক পাঠানো, অসুস্থ সাধারণ রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়া ও চিকিৎসা পেতে সহায়তা করাসহ এই সংকটে সব ধরনের কাজ করছে পুলিশ।

এদিকে কোভিড-১৯ রোগে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের সুস্থ করে তুলতে পুলিশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও ব্যক্তিগতভাবে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর