ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করলো সিআইএ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উহানের ল্যাব থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে খোদ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সিআইএ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করে বিশ্বের অন্যতম প্রভাবশালী এ গোয়েন্দা সংস্থাটি।

সিআইএ জানায়, তাদের অনুসন্ধান বলছে, চীন থেকে উৎপত্তি হওয়া যে ভাইরাসটি এখন বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে তা মানবসৃষ্ট নয়। অর্থাৎ এটি জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করে তৈরি করা হয়নি।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা সম্প্রদায় এবং বৈজ্ঞানিক সিদ্ধান্তের সঙ্গে ঐকমত পোষণ করে জানানো হচ্ছে যে, কোভিড-১৯ মানবসৃষ্ট নয়, অথবা জিনগতভাবে সংশোধিত হয়নি।
এতে আরো বলা হয়, গোটা গোয়েন্দা সম্প্রদায় কোভিড-১৯ ইস্যুতে মার্কিন নীতিনির্ধারক এবং প্রতিক্রিয়াদানকারীদের ধারাবাহিকভাবে সমালোচনা করেছে।
এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়, করোনাভাইরাস চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ছড়িয়েছে বলে তার যে দাবি- সে ব্যাপারে কোনো প্রমাণ আছে কি না। এর জবাবে তিনি বলেন, হ্যাঁ, আছে।
যখন জোর দিয়ে বলা হয়, আপনার কাছে এমন কি প্রমাণ আছে যার ভিত্তিতে আপনি এ ধরনের দাবি করছেন, তখন ট্রাম্প বলেন, ‘আমি তোমাদের কাছে তা বলতে পারব না।’

গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে দেশটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন কিংবা দেশটির গোয়েন্দারা। প্রথমদিকে তো বিষয়টি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। তার পর আস্তে আস্তে যখন ভাইরাসটি যুক্তরাষ্ট্রে তাণ্ডব শুরু করতে থাকে, তখন সমালোচনা বা অভিযোগের পারদ বাড়তে থাকে।
এর আগের দিন বুধবার ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, আগামী নভেম্বর মাসে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচনে তাকে হারাতেই চীন ইচ্ছাকৃতভাবে এই ভাইরাস ছড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন, চীনের সঙ্গে তিনি যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন, এতে চীনের ব্যাপক ক্ষতি হয়েছে। আর সে কারণে বেইজিং চায়, তার প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতায় বসাতে।
তার আগেও চীনের বিরুদ্ধে কোভিড-১৯ নিয়ন্ত্রণ না করতে পারার অভিযোগ আনেন ট্রাম্প। তার ধারণা, ভাইরাসটি সম্পর্কে চীন বিশ্বকে যথাযথ তথ্য দেয়নি।
আবার চীনকে জড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধেও অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, তার দেশ বেশি অর্থ দিলেও সংস্থাটির চীনমুখিতা দেখা যাচ্ছে এবং কোভিড-১৯ মোকাবেলায় সংস্থাটি তাদের মৌলিক দায়িত্ব পালন করতে পারছে না। এ অভিযোগ তুলে সংস্থাটিতে অর্থায়ন বন্ধের নির্দেশও দেন তিনি।
তারও দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাস ছড়ানোর ক্ষেত্রে চীনের ভূমিকা রয়েছে। তাই সব দেশের উচিত, চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়া।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর