নিজের অবস্থানে অটুট শোয়েব
- Details
- by খেলাধুলা ডেস্ক
উমর আকমলকে তিন বছরের নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি মেনে নিতে পারেননি সাবেক পাকিস্তানি গতিতারকা শোয়েব আখতার। সমালোচনা করে টুইটে একটি বার্তা দিয়েছিলেন।

তাতে লেখা ছিল- শুধুমাত্র রিপোর্ট না করায় ৩ বছরের শাস্তি দেয়া কি ঠিক হয়েছে? এখন আমাকে বলতেই হচ্ছে পিসিবির আইন বিভাগে যারা আছে তারা ওই পদের অযোগ্য। বিশেষ করে তোফাজ্জল রিজভি (পিসিবির আইনজীবী), সে কোথা থেকে এসেছে জানি না। ভালো যোগাযোগ থাকায় ১০-১৫ বছর থেকে পিসিবিতে আছে। আর মাশাল্লাহ এমন কোন মামলা নেই যে সে হারে না। আমার মনে হয় চেয়ারম্যানের উপরেও গিয়েও অপদার্থ লোকটা এসব করে।
এমন সমালোচনা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। রীতিমতো মানহানির মামলাও ঠুকে দিয়েছে শোয়েবের উপর। মামলার নোটিশও পৌঁছে গেছে সাবেক ফাস্ট বোলারের হাতে।
তবে পিসিবির করা মামলায় টলে যাননি তিনি। বলেছেন, নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে দাঁড়াবেন না। আইনি লড়াইয়ের মাধ্যমেই এর জবাব দেবেন।

টুইটে শোয়েব বলেন- তফাজ্জল রিজভির কাছ থেকে আমি একটি নোটিশ পেয়েছি। যেটা পুরোপুরি মিথ্যা এবং মনগড়া। আমি এ নিয়ে আমার আইনজীবী সালমান কে নিয়াজিকে নিয়োগ দিয়েছি, তিনি এর সময়োপযোগী জবাব দেবেন। আমি তফাজ্জল রিজভির অযোগ্যতা এবং অসন্তোষজনক পারফরম্যান্সের বিষয়ে যে কথা বলেছি, তা থেকে মোটেও সরে দাঁড়াবো না।
এর আগে শোয়েব আখতারের করা সমালোচনার জবাবে পিসিবির বক্তব্য ছিল এমন- লিগ্যাল টিম এবং লিগ্যাল এডভাইজার সম্পর্কে শোয়েব আখতারের খুব দুর্বল শব্দ চয়নে খুব হতাশ পিসিবি। যে ভাষা ব্যাবহার করেছেন তা খুবই নোংরা এবং অসম্মানজনক। কোনো সভ্য সমাজে এ ধরনের বক্তব্য কখনো গ্রহণযোগ্য হতে পারে না।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর