ডায়েটের রহস্য ফাঁস করলেন তামিম
- Details
- by খেলাধুলা ডেস্ক
বাইশ গজে বল না গড়াচ্ছে না। ঘরে বসেই অলস সময় পার করছেন টাইগাররা। এর ব্যতিক্রম নয় তামিম ইকবালও। খেয়ে-বসেই দিন কেটে যাচ্ছে এ ওপেনারের। এমতাবস্থায় নিজের ফিটনেস ধরে রাখাটা বেশ কঠিন।

কিন্তু সে সমস্যায় পড়ননি দেশসেরা ওপেনার। ওজন তো বাড়েই নি, উল্টো ২ কেজি কমিয়েছেন এ চাটগাইয়া।
সম্প্রতি সমসাময়িক বিষয়ে দেশের একটি গণমাধ্যমের সাথে কথা বলছেন তামিম। সেখানে নিজের ফিটনেস ধরে রাখার রহস্য ফাঁস করেছেন। পুরো কৃতিত্বটাই সহধর্মিণী আয়েশা সিদ্দিকীকে দিয়েছেন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক।
এ বাঁহাতি বলেন- আমার স্ত্রী বেশ ভালো রান্না করে। পাশাপাশি খেয়াল রাখে আমি যেন বেশি না খাই। কাজটা বেশ কঠিন, কিন্তু সহজ হয়ে গেছে বিষয়টা। কারণ আমার স্ত্রী নিজেও ডায়েটে আছে। দ্বিতীয় সন্তান আসার পর ও ওজন কমানোর চেষ্টা করছে। এ কারণেই আমার কাজটা একটু সহজ হয়েছে।

সাধারণত টেবিলে যদি ডায়েট ফুড এবং বিরিয়ানি-রোস্ট রাখা থাকে তাহলে এটা খুবই কষ্টকর। কিন্তু আমার টেবিলে শুধু ডায়েট ফুডই থাকে। তাই ওই দিক দিয়ে আমি ঠিক আছি, বলেন তামিম।
তবে রমজান মাসে খাদ্য তালিকায় যে কিছুটা হেরফের হয়েছে, সেটা মানছেন তামিম। দ্রুতই এ বিষয়ে বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন বলেও জানান তিনি।
তামিম বলেন, আমি আজ বা কালকে এটা নিয়ে আলাপ করবো (বিশেষজ্ঞের সাথে) কতটুকু খেলে আমি আমার ওয়েট ঠিক রাখতে পারবো। এই রমজান মাসে যেন ওজন বেড়ে না যায় সেটাই আমার লক্ষ্য।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর