বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞা মানতেও নারাজ তিনি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
শুরু থেকেই করোনা ইস্যুতে নিজের ‘বিপজ্জনক’ সিদ্ধান্তে অনড় তিনি। তার পরিণতি এখন ভোগ করছে জনগণ। তার সিদ্ধান্তের সঙ্গে একমত না হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন তিনি। এর এক মাসের মাথায় নতুন নিয়োগ দেওয়া স্বাস্থ্যমন্ত্রীও পদত্যাগ করেছেন একই ইস্যুতে। কিন্তু নিজের অবস্থান থেকে সরেননি। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞাকেও উপেক্ষা করছেন একগুঁয়ে এই প্রেসিডেন্ট।

তিনি হলেন- ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনা রোগীদের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার আপাতত নিষিদ্ধ করেছে। কিন্তু তার পরও এই ওষুধ ব্যবহার করবে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রণালয়। যা রীতিমতো স্তম্ভিত করেছে বিশ্বের চিকিৎসকদের।
প্রসঙ্গত, করোনা রোগীদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারে প্রথম ছাড়পত্র দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাই। কিন্তু তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক তোলপাড় হয়। সম্প্রতি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধটি করোনা রোগীদের ক্ষেত্রে ভালো ফল নয়, বরং রোগীর জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। এর পরই এমন সিদ্ধান্তের কথা জানালো জাতিসংঘের এ সংস্থাটি।

তবে এই নিষেধাজ্ঞা সকলে মানলেও ব্যতিক্রম ব্রাজিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘আমরা এ নিয়ে নিজেদের সিদ্ধান্ত বা গাইডলাইন বদলাচ্ছি না। যেমন চলছিল, তেমনই চলবে।’
কোভিড-১৯ সংক্রমণের পরিসংখ্যানের দিক থেকে এই মুহূর্তে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সাম্প্রতিক সময়ে সেখানে আক্রান্ত ও মৃত্যুর হার এতটাই বেড়েছে যে রাশিয়াকে টপকে আমেরিকার ঠিক পরেই অবস্থান করছে ব্রাজিল।
এখন পর্যন্ত দেশটিতে ২৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৬ হাজারের বেশি। অথচ ভাইরাসকে প্রাথমিকভাবে ‘লিটল ফ্লু’ বলে অভিহিত করেছিলেন বলসোনারো। সেইসঙ্গে অর্থনীতির চাকা গতিশীল রেখেই করোনা পরিস্থিতি মোকাবেলার ঘোষণা দেন তিনি। যা নিয়ে অনেক সমালোচনারও শিকার হয়েছেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর