কোহলি নয়, স্মিথকেই এগিয়ে রাখলেন লি
- Details
- by খেলুধুলা ডেস্ক
দুই দেশের দুই তারকা। নিজ নিজ দেশকে সামনে থেকেই নেতৃত্ব দেন তারা। ক্লান্তি যেন তাদের সহসাই স্পর্শ করতে পারেনা। তাই অবিরাম ছুটে চলায় নিজেদের নিয়ে গেছেন বাকিদের ধরাছোঁয়ার অনেক বাইরে। বলা হচ্ছে স্টিভ স্মিথ এবং বিরাট কোহলির কথা। কারণ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান এখন এ দুইজনই।

সম্প্রতি সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার পমি এমবাঙ্গোয়ার লাইভে এসেছিলেন অস্টেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি। সেখানে কোহলি এবং স্মিথের মধ্যে তুলনা করেন তিনি। তাতে স্বদেশীকেই এগিয়ে রেখেছেন লি।
ব্রেট লি বলেন- এই মুহূর্তে স্মিথকে কোহলির চেয়ে এগিয়ে রাখব আমি। কারণ বিগত বছরের খারাপ সময় কাটিয়ে ওর ফিরে আসা।
লি আরো বলেন- গত দু’বছরে স্মিথ অনেক কিছু সহ্য করেছে। এরপরও গত ১ বছরে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে ওকে প্রচন্ড প্রাণচঞ্চল মনে হয়েছে।
তবে এ দুজনের মধ্যে একচেটিয়া কেউ এগিয়ে নয় সেটাও মানছেন সাবেক এই গতি তারকা। তার মতে যখন-তখন যে কাউকে হটিয়ে দেয়ার সামর্থ্য রাখে। তাদের ভেতর এ গুণ বিদ্যমান।

সাবেক অজি তারকা বলেন- এটাও হতে পারে কাল কোহলি স্মিথকে পেছনে ফেলবে। উভয়েই অসাধারণ এবং তাদের মধ্যে থেকে সেরা বেছে নেওয়া কঠিন।
এটা খুব কঠিন কাজ। কারণ তারা দুজনেই গুণী ক্রিকেটার। আমি দুজনের খেলাই খুব উপভোগ করি। একজন বোলার হিসেবে আমি ওদের দোষ-ত্রুটি খোঁজার চেষ্টা করি। তবে দুজনেই জাত ব্যাটসম্যান, আরো যোগ করেন লি।
এর আগে ২০১৮ সালে বল টেম্পারিংয়ের দায়ে সবধরনের ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন স্টিভ স্মিথ। সহযোগিতার দায়ে একই শাস্তি হয়েছিল ওপেনার ডেভিড ওয়ার্নারেরও। অন্য সতীর্থ ক্যামেরন ব্যানক্রফট পেয়েছিলেন ৯ মাসের নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে স্বরূপে ফিরতে দেরি করেননি স্মিথ। খেলার বাইরে থাকলেই তার ব্যাটের ক্ষুরধার যেন কমেনি বিন্দুমাত্র। ২০১৯ অ্যাশেজে করেছিলেন সর্বোচ্চ ৬৭১ রান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর