দশকসেরা একাদশে সাকিব
- Details
- by খেলাধুলা ডেস্ক
মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করে গত এক দশকের সেরা একাদশ সাজিয়েছেন ওয়েস্ট-ইন্ডিজের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। আর তাতে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। মূলত ৬ নাম্বার পজিশনে একজন অলরাউন্ডারের অভাব পূরণ করতেই সাকিবকে নিজের সেরা একাদশে রেখেছেন এই ক্যারিবীয়।

সাকিবকে একাদশে রাখা নিয়ে বিশপ বলেন- আমি চাচ্ছিলাম ৬ নম্বরে একজন পেস বোলিং অলরাউন্ডার নিতে। কিন্তু এখানে একজন ভদ্রলোক আছেন, যিনি সবসময় আলোচনার বাইরে থাকেন এবং তিনি হচ্ছেন সাকিব আল হাসান। একজন ব্যাটসম্যান ও বোলার হিসেবে তাঁর অর্জন মূল্যায়ন করার মতো।
ধোনি ছাড়াও ভারতীয়দের মধ্যে আছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অস্ট্রেলিয়া থেকে জায়গা হয়েছে ডেভিড ওয়ার্নার এবং মিচেল স্টার্কের। দক্ষিণ আফ্রিকা থেকে বিশপ তার একাদশে রেখেছেন এবি ডি ভিলিয়ার্স এবং ডেল স্টেইনকে। এছাড়াও নিউজিল্যান্ড, শ্রীলংকা এবং আফগানিস্তান থেকে এ ক্রিকেট এক্সপার্টের পছন্দ যথাক্রমে রস টেইলর, লাসিথ মালিঙ্গা এবং রশিদ খানকে। তবে নিজ দেশের কোন ক্রিকেটারকে এ একাদশে রাখেননি বিশপ।

রোহিত শর্মার সাথে ইনিংসের গোড়াপত্তন করবেন ডেভিড ওয়ার্নার। তিন, চার ও পাঁচ নাম্বার পজিশন সামলাবেন বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স এবং রস টেইলর। আর ছয় নাম্বারেই আছেন দেশের ক্রিকেটের পোস্টারবয় খ্যাত সাকিব আল হাসান। সাত নাম্বারে নেমে ফিনিশিংয়ের কাজ সারবেন অধিনায়ক ও উইকেটকিপার এমএস ধোনি। বোলার হিসেবে এরপরের জায়গাগুলোতে আছেন মিচেল স্টার্ক, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা এবং রশিদ খান।
একনজরে বিশপের একাদশ- রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্টার্ক, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা, রশিদ খান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর