আপনি পড়ছেন

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে আন্দোলন অনির্দিষ্টকালে রূপ নেওয়ায় বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

বন্দর এলাকায় জেটিগুলোতে জাহাজগুলো অলস অবস্থায় পড়ে আছে। গ্যান্ট্রি ক্রেনসহ কন্টেইনার ওঠানামার সব যন্ত্রপাতি বন্ধ থাকায় পণ্য খালাস ও জাহাজীকরণ পুরোপুরি স্থবির হয়ে গেছে।

বন্দর সূত্র জানায়, কর্মবিরতির কারণে বেশ কয়েকটি জেটি খালি থাকলেও নতুন কোনো জাহাজ ভিড়তে পারেনি। এতে বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬টিতে।

গত ২৪ ঘণ্টা ধরে পণ্য ডেলিভারি বন্ধ থাকায় বন্দর চত্বরের ভেতরে ও বাইরে হাজার হাজার ভারী যানবাহন আটকা পড়েছে। যানজট এড়াতে কর্তৃপক্ষ নতুন করে কোনো ট্রাক বন্দরে প্রবেশের অনুমতি দিচ্ছে না।

এর আগে, গত শনিবার থেকে টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন বন্দর শ্রমিকরা। পরে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ২৪ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি, যা বুধবার থেকে অনির্দিষ্টকালের আন্দোলনে রূপ নেয়।

এই অচলাবস্থায় আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য জাহাজীকরণের জন্য আসা হাজার হাজার ট্রাক আটকে গেছে।

আমদানিকারকদের অভিযোগ, পণ্য ছাড়ে বিলম্ব হওয়ায় অতিরিক্ত স্টোর রেন্ট ও নানা ধরনের মাশুল গুনতে হচ্ছে। অন্যদিকে রপ্তানিকারকরা সময়মতো পণ্য পাঠাতে না পারায় অর্ডার বাতিল ও বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

রমজানের আগে ভোগ্যপণ্যবাহী বহু কন্টেইনার বন্দরে আটকে পড়ায় বাজারে পণ্যের সংকট ও দাম বাড়ার শঙ্কাও তৈরি হয়েছে।

ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এনসিটি ইস্যুতে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর অনড় অবস্থান অব্যাহত থাকলে এই সংকট আরও ঘনীভূত হতে পারে, যা দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের সমন্বয়করা দাবি করেছেন, শ্রমিক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবেই এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
তাদের অভিযোগ, ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে বন্দর কর্মকর্তাদের আটকে রেখে চাপের মুখে চুক্তি সই করানোর চেষ্টা চলছে।

নেতৃবৃন্দ স্পষ্ট করে জানিয়েছেন, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।
এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও মুখপাত্র ওমর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.