জাপানে নির্বাচন: তুষারপাত উপেক্ষা করে কেন্দ্রে ছুটছে ভোটার, এগিয়ে তাকাইচির জোট
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জাপানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ডাকা আগাম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রবল তুষারপাত উপেক্ষা করে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। নির্বাচনে তাকাইচির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে বলে জনমত জরিপে ইঙ্গিত মিলেছে।

জরিপে দেখা গেছে, তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাপানিজ ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষে ৪৬৫টি আসনের মধ্যে সর্বোচ্চ ৩০০টি পেতে পারে। এতে গত বছর পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো এলডিপির জন্য বড় ধরনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে।
দুর্নীতি কেলেঙ্কারি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দলটি সম্প্রতি তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী হারায় এবং সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাও খোয়ায়। টানা দুই এলডিপি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা তলানিতে নেমে যাওয়ায় পদত্যাগের পর তাকাইচি ভোটারদের কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নেতা হিসেবে আবির্ভূত হন। কর ছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে সমালোচকদের মতে, উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ সরকারি ঋণের বোঝা থাকা সত্ত্বেও অতিরিক্ত ব্যয়ের প্রতিশ্রুতি জাপানের স্থবির অর্থনীতিকে আদৌ চাঙা করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক মাসের মাথায় নির্বাচনের ডাক দেন তাকাইচি। ৩৬ বছরের মধ্যে এই প্রথম জাপানে মধ্য-শীতকালে জাতীয় নির্বাচন হচ্ছে। সাধারণত দেশটিতে তুলনামূলকভাবে মৃদু আবহাওয়ায় ভোটগ্রহণ করা হয়। তবে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব নির্বাচনে জয়ী হওয়ার পরপরই জনগণের নতুন ম্যান্ডেট পেতে এই নির্বাচন ঘোষণা করেন তাকাইচি।
পর্যবেক্ষকদের মতে, তার ব্যক্তিগত জনপ্রিয়তা নির্বাচনে এলডিপির ফল ভালো করতে সহায়ক হতে পারে। তবে তুষারপাত বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে ভোটার উপস্থিতি কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি নির্বাচনে আগাম ভোট দিয়েছেন প্রায় ৪৬ লাখ মানুষ, যা ২০২৪ সালের নির্বাচনের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম। নির্বাচন কর্তৃপক্ষ বলছে, বৈরী আবহাওয়াই এই হ্রাসের প্রধান কারণ। রোববার নিইগাতা প্রদেশসহ জাপানের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের খবর পাওয়া গেছে। পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, সকাল পর্যন্ত ৩৭টি ট্রেনলাইন ও ৫৮টি ফেরি রুট বন্ধ ছিল এবং ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়। রাজধানী টোকিওতেও বিরল তুষারপাত দেখা যায়, যখন মানুষ ভোট দিতে বের হন।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী তাকাইচি দীর্ঘদিন ধরেই জাপানের ‘আয়রন লেডি’ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে আসছেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তিনি শক্ত প্রতিরক্ষা ও জাতীয়তাবাদী নীতির পক্ষে অবস্থান নেন।
লিঙ্গ ও পরিবার বিষয়ে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে তাকাইচি বিশেষভাবে জনপ্রিয় বলে জরিপে উঠে এসেছে। গত অক্টোবর দায়িত্ব নেওয়ার পর থেকে তার সরকারের অনুমোদনের হার সাধারণত ৭০ শতাংশের ওপরে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ব্যাপক প্রভাব রয়েছে। এক্স-এ তার অনুসারীর সংখ্যা ২৬ লাখ। এলডিপির প্রচারণা ভিডিও, যেখানে তাকাইচি মুখ্য ভূমিকা পালন করেন, ১০ দিনেরও কম সময়ে ১০ কোটির বেশি বার দেখা হয়েছে।
সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক কোইচি নাকানো বিবিসিকে বলেন, এটি কোনো প্রেসিডেন্সিয়াল নির্বাচন নয়; এটি সংসদীয় নির্বাচন, যেখানে এলডিপির অধিকাংশ প্রার্থীই অতীত কেলেঙ্কারিতে জড়িত পুরুষ রাজনীতিক।
২০২৩ সাল থেকে এলডিপি তহবিল সংগ্রহ সংক্রান্ত কেলেঙ্কারিতে জর্জরিত, যার ফলে চারজন মন্ত্রীর পদত্যাগ এবং দুর্নীতি তদন্ত শুরু হয়। এই আকস্মিক নির্বাচন তাকাইচির জন্য ঝুঁকিপূর্ণও বটে। কারণ বিরোধীরা এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। এলডিপির সাবেক দীর্ঘদিনের জোটসঙ্গী কোমেইতো দল সাংবিধানিক গণতান্ত্রিক পার্টির সঙ্গে হাত মিলিয়ে নিম্নকক্ষে সবচেয়ে বড় বিরোধী জোট গঠন করেছে। এছাড়া অতিরিক্ত ব্যয়নির্ভর নীতিগুলো জাপানের আর্থিক দুর্বলতা বাড়াবে না— এ বিষয়ে ভোটারদের আশ্বস্ত করাও এলডিপির বড় চ্যালেঞ্জ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.