রাত পোহালেই ভোট, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা
- Details
- by ২৪ ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। গত বছরের ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তারিখ ঘোষণার পর জনমনে নানা অনিশ্চয়তা ও প্রশ্ন দেখা দিলেও সব শঙ্কা ছাপিয়ে এখন ভোট দেওয়ার অপেক্ষায় দেশবাসী। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে এটিই প্রথম জাতীয় নির্বাচন, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াত ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ এবং ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছেন মোট ২ হাজার ২৮০ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। পুরুষ প্রার্থী ১ হাজার ৯৪৬ জন এবং নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ১৯ হাজার ২৮০ জন সদস্য মোতায়েন থাকছে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ১ লাখ ৩ হাজার, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩, বিজিবি ৩৭ হাজার ৪৫৩, র্যাব ৯ হাজার ৩৪৯, কোস্টগার্ড ৩ হাজার ৫৮৫, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ এবং বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য রয়েছেন। এছাড়া ৫ জেলার ১৭টি আসনে নৌবাহিনীর ৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। বিএনসিসির ১ হাজার ৯২২ জন সদস্যও মাঠে থাকবেন। বিচারিক কার্যক্রম পরিচালনায় নিয়োগ দেওয়া হয়েছে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নিরাপত্তার অংশ হিসেবে এবার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা নজরদারিতে রাখতে বিভিন্ন বাহিনীর ৪১৮টি ড্রোন ব্যবহার করা হবে। এর মধ্যে সেনাবাহিনী ২০০টি, বিজিবি ১০০টি এবং পুলিশ ৫০টি ড্রোন পরিচালনা করবে। পুলিশের সদস্যরা ২৫ হাজারের বেশি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং বিদ্যুৎহীন এলাকায় বিকল্প ব্যবস্থায় ক্যামেরা সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন ঘিরে সহিংসতা ও নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে লুট হওয়া ১ হাজার ৩৩০টি অস্ত্র উদ্ধার না হওয়া এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ১৩টি আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—ঢাকা-৮, ঢাকা-১৫, ঢাকা-৭, পাবনা-১ ও ৩, খুলনা-৫, পটুয়াখালী-৩, বরিশাল-৫, টাঙ্গাইল-৪, শেরপুর-৩, কুমিল্লা-৪, নোয়াখালী-৬ ও চট্টগ্রাম-১৫। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, ঢাকার ১৩টি আসনে ১ হাজার ৪০০টির বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি স্ট্রাইকিং ফোর্স ও নজরদারি থাকবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তফসিল ঘোষণার পরপরই ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় উদ্বেগ জানিয়েছিল বিভিন্ন দল। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জামায়াতে ইসলামী প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। এদিকে দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ নিয়ে ইসির সঙ্গে মতবিরোধে জড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শেষ পর্যন্ত তারা ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। অন্যদিকে আমরণ অনশন করে নিবন্ধন আদায় করেছে আমজনতার দল।
ভোটারদের আশ্বস্ত করে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। লিঙ্গ বা বয়স নির্বিশেষে ভোটাররা অবাধে ভোট দিতে পারবেন।’ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নির্বাচনের পরিবেশকে উৎসবমুখর হিসেবে উল্লেখ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভোটকেন্দ্রে কেউ জালভোট দেওয়া, ব্যালট বাক্স ছিনতাই বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.