ইউরোপের বাজারে পরিচয় গোপন করে বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপের বাজারে বিক্রি হওয়া খেজুরের একটি উল্লেখযোগ্য অংশ তৃতীয় কোনো দেশ হয়ে প্রবেশ করছে এবং এগুলোর প্রকৃত উৎস গোপন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশ্বব্যাপী খেজুর বাণিজ্যের দ্রুত প্রসার এবং সরবরাহ ব্যবস্থার জটিলতার সুযোগ নিয়ে ইসরায়েল এই কৌশল অবলম্বন করছে। বিশেষ করে মুসলিম বিশ্বে চলমান বয়কটের প্রভাব থেকে বাঁচতে ইউরোপের বাজারে পণ্য পাঠাতে দেশটি লেবেলিং বা মোড়কজাতে ভিন্ন কৌশল নিয়েছে বলে জানা গেছে।

২০২৫ সালে বৈশ্বিক খেজুর বাজারের আকার ছিল ৩ হাজার ২৭০ কোটি ডলার, যা ২০৩৪ সাল নাগাদ ৫ হাজার ৫৫৮ কোটি ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। খেজুর উৎপাদনে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল আধিপত্য বজায় রেখেছে। মিশর, সৌদি আরব, ইরান ও আলজেরিয়া উৎপাদনের শীর্ষে থাকলেও, উচ্চমূল্যের ‘মেডজুল’ খেজুর রপ্তানিতে ইসরায়েল অন্যতম প্রধান অবস্থানে রয়েছে। তবে উৎপাদন ও রপ্তানির পরিসংখ্যানে অসামঞ্জস্য থাকায় এর সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিভিন্ন শিল্প প্রতিবেদন ও ইউরোপের ভোক্তা অধিকার সংগঠনগুলোর মতে, অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত খেজুর বয়কট এড়াতে উৎস গোপন করে বাজারজাত করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব খেজুর সরাসরি রপ্তানি না করে মধ্যবর্তী কোনো দেশ বা পরোক্ষ লজিস্টিক চ্যানেলের মাধ্যমে ইউরোপে পাঠানো হয়। অনেক ক্ষেত্রে পশ্চিম তীরের পণ্যগুলোকে কেবল ‘ইসরায়েলি পণ্য’ হিসেবে বা প্রতিবেশী দেশগুলোর পণ্য হিসেবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশ করানো হচ্ছে। কিছু রপ্তানিকারক মুক্ত বাণিজ্য অঞ্চল বা মধ্যবর্তী দেশে পণ্য পুনরায় প্যাকেটজাত করে আসল উৎপাদনস্থল গোপন করছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, রমজান মাসে খেজুরের চাহিদা তুঙ্গে থাকায় এ ধরনের জালিয়াতি আরও বাড়তে পারে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসে বিক্রি হওয়া খেজুরের অর্ধেক এবং ফ্রান্সে এক-তৃতীয়াংশের বেশি ইসরায়েলি উৎসের। এই দুই দেশ ইউরোপের প্যাকেজিং ও রি-এক্সপোর্ট হাব হিসেবে কাজ করে, যেখান থেকে জার্মানি ও অন্যান্য দেশে পণ্য সরবরাহ করা হয়।
সমালোচকরা এই প্রক্রিয়াকে ‘ডেটস লন্ডারিং’ বা ‘খেজুর পাচার’ হিসেবে অভিহিত করছেন। নেদারল্যান্ডস, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত এমনকি ‘ফিলিস্তিন’র লেবেল লাগিয়ে এসব খেজুর বিক্রি করার অভিযোগ রয়েছে। ইসরায়েলি কৃষি ম্যাগাজিন ‘লাহাকলাই’-এর তথ্যমতে, ইসরায়েল বছরে প্রায় ৩৫ হাজার টন খেজুর রপ্তানি করে। অথচ তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে উৎপাদন হয় মাত্র ৮ হাজার ৮০০ টন। পরিসংখ্যানটি সঠিক হলে, রপ্তানিকৃত খেজুরের প্রায় ৭৫ শতাংশই পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আসতে পারে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ।
অতীতের ঘটনাপ্রবাহ থেকেও এসব অভিযোগের সত্যতা মেলে। ২০১৪ সালে ফিলিস্তিনের জাতীয় অর্থনীতি মন্ত্রণালয় ২০ টন ইসরায়েলি খেজুর জব্দ করেছিল, যা ‘ফিলিস্তিনি পণ্য’ লেবেল লাগিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালতের ২০১৯ সালের এক রায়ে বলা হয়েছে, বসতি থেকে আসা পণ্যের গায়ে ‘ইসরায়েলি পণ্য’ লেখা যথেষ্ট নয়; বরং বিভ্রান্তি এড়াতে পণ্যের প্রকৃত উৎস বা বসতির নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
গাজা সংঘাত ও বয়কট কর্মসূচির কারণে ইসরায়েলের কৃষি খাত বর্তমানে বড় ধরনের চাপের মুখে পড়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির কৃষি খাত ধসে পড়ার উপক্রম হয়েছে। যুক্তরাজ্যের কো-অপ ইসরায়েল থেকে পণ্য সংগ্রহ বন্ধ করে দিয়েছে এবং বেলজিয়াম ও আয়ারল্যান্ডের মতো দেশগুলোতেও বয়কট কর্মসূচি জোরালো হচ্ছে। এমতাবস্থায় বিশেষজ্ঞরা ইউরোপীয় ভোক্তাদের খেজুর কেনার সময় পণ্যের উৎস বা অরিজিন ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.