আপনি পড়ছেন

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টায় মেলার উদ্বোধন করবেন।

অমর একুশে বইমেলা শুরু আজ, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

রীতি অনুযায়ী ভাষার মাসের প্রথম দিন বইমেলা শুরু হয়। তবে চলতি বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রোজার কারণ দেখিয়ে ডিসেম্বরে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে তা কয়েক দফা পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত হয়।

এবারের বইমেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮।

সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বর থাকছে। সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশু চত্বরে থাকছে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট।

মেলার বিন্যাস গত বছরের মতো থাকলেও মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে বের হওয়ার পথ কিছুটা সরিয়ে মন্দির গেটের কাছে নেওয়া হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে থাকবে চারটি প্রবেশ ও বের হওয়ার পথ।

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে সুবিন্যস্তভাবে রাখা হয়েছে খাবারের স্টল। নামাজের স্থান, ওয়াশরুমসহ প্রয়োজনীয় সেবা অব্যাহত থাকবে। পবিত্র রমজান মাস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবির নামাজের ব্যবস্থাও থাকবে।

বইমেলায় ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে বাংলা একাডেমি ও অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত কমিশনে বই বিক্রি করবে। বাংলা একাডেমির বই ও পত্রপত্রিকা বিক্রির জন্য মেলার দুই অংশেই পৃথক স্টল থাকবে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’। শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকবে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে।

মেলার প্রবেশ ও বের হওয়ার পথে থাকবে পর্যাপ্ত আর্চওয়ে। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে পুলিশ, র‍্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এলাকাজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মেলা পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে। মেলাপ্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, ধুলোবালি নিয়ন্ত্রণে পানি ছিটানো এবং মশক নিধনের ব্যবস্থার কথা জানিয়েছেন আয়োজকেরা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার জানান, অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা চলাকালে সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশ টিম মোতায়েন থাকবে পুরো এলাকায়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন কোনো বই স্টলে রয়েছে কি না, সে বিষয়েও থাকবে সতর্ক নজরদারি। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানান তিনি।

আগামী ১৫ মার্চ পর্যন্ত (ছুটির দিন বাদে) প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। রাত ৮টা ৩০ মিনিটের পর নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.