আপনি পড়ছেন

ইউরোপের বিভিন্ন দেশে পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, এসব দেশের বড় অংশের মানুষ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র বিরোধিতা করছে। স্পেন, ইতালি, জার্মানি ও যুক্তরাজ্যে পরিচালিত এসব জরিপ অনুযায়ী, দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ নাগরিক সামরিক হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার প্রকাশিত এসব জরিপের ফলাফলে দেখা যায়, সাধারণ মানুষ সংঘাতের ক্ষেত্রে তাদের সরকারের কাছ থেকে সতর্ক বা নিরপেক্ষ অবস্থান প্রত্যাশা করছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিপক্ষে ইউরোপের সংখ্যাগরিষ্ঠ মানুষ
ছবি - সংগৃহীত

স্পেনে মাদ্রিদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ৪০ডিবি সংবাদপত্র এল পাইস ও কাদেনা এসইআর রেডিওর জন্য একটি জরিপ পরিচালনা করে। এতে দেখা যায়, প্রায় ৬৮ শতাংশ উত্তরদাতা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা প্রত্যাখ্যান করেছেন। জরিপে অংশগ্রহণকারীদের ৫৭ শতাংশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক সহায়তা না দেওয়ার স্প্যানিশ সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। এছাড়া ৫৩ শতাংশ মনে করেন, এই সংঘাতের জন্য স্পেনে থাকা সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। প্রায় ৪২ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সংকট মোকাবিলার পদক্ষেপকে সমর্থন করেছেন। অন্যদিকে, প্রায় ৮০ শতাংশ মানুষ জানিয়েছেন তারা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এই সংঘাত নিয়ে তারা উদ্বিগ্ন।

ইতালিতে স্কাই টিজি২৪ টেলিভিশনের জন্য রোমভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউট্রেন্ড পরিচালিত জরিপেও একই চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশ উত্তরদাতা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছেন। তবে ডানপন্থি ভোটারদের মধ্যে হামলার পক্ষে সমর্থন বেশি, যার হার ৫৭ শতাংশ। অন্যদিকে, মধ্য-বামপন্থি ভোটারদের ৭৯ শতাংশই এর ঘোর বিরোধী। প্রায় ৪৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইতালীয় সরকারের নিরপেক্ষ থাকা উচিত এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা উচিত। তবে ২৯ শতাংশের মতে, সরকারের উচিত অবিলম্বে এই হামলার নিন্দা জানানো এবং যুদ্ধবিরতির আহ্বান করা।

জার্মানিতে সরকারি সম্প্রচারমাধ্যম এআরডি প্রকাশিত নতুন একটি জনমত জরিপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি জনগণের আস্থার ঘাটতি দেখা গেছে। জরিপ অনুযায়ী, ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ অযৌক্তিক। প্রায় ৭৫ শতাংশ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন যে, এই সংঘাত অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতি জার্মানদের আস্থা কমে ১৫ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। জরিপে আরও দেখা যায়, মাত্র ১৭ শতাংশ মানুষ ইসরায়েলকে একটি নির্ভরযোগ্য অংশীদার বলে মনে করেন। অন্যদিকে, ৮৫ শতাংশ মানুষের ধারণা, বিশ্ব রাজনীতিতে এখন একটি নীতিই আধিপত্য বিস্তার করছে, আর তা হলো ‘জোর যার মুল্লুক তার।’

যুক্তরাজ্যে লন্ডনভিত্তিক গবেষণা ও তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান ইউগভ পরিচালিত জরিপে ইরানে মার্কিন হামলার পক্ষে জনসমর্থন খুবই কম দেখা গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ২ মার্চ পরিচালিত এক জরিপে দেখা যায়, ৪৯ শতাংশ ব্রিটিশ নাগরিক এই হামলার বিরোধিতা করেছেন, যেখানে সমর্থন জানিয়েছেন মাত্র ২৮ শতাংশ। উত্তরদাতাদের একটি বড় অংশ ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার জন্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটি ব্যবহারেরও তীব্র বিরোধী। ফেব্রুয়ারির শেষে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, ৫৮ শতাংশ মানুষ এই ধরনের ব্যবহারের বিপক্ষে ছিলেন। ২ মার্চের জরিপে কেবলমাত্র ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে হামলা সীমাবদ্ধ রাখার শর্ত যুক্ত করা হলেও ৫০ শতাংশ মানুষ এর বিরোধিতা করেন। গবেষণায় আরও দেখা যায়, ৪৫ শতাংশ ব্রিটিশ নাগরিক মনে করেন সরকারের উচিত মার্কিন হামলার প্রশংসা বা নিন্দা কোনোটিই না করা। এদিকে, ৪৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা মোকাবিলায় ব্যর্থ হয়েছেন, যেখানে ৩৪ শতাংশের মতে তিনি পরিস্থিতি ভালোভাবে সামলেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এই বর্বরোচিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, ১৫০ জনের বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ এক হাজারের বেশি মানুষ নিহত হন। এই নৃশংস ঘটনা পুরো অঞ্চলজুড়ে ব্যাপক অস্থিতিশীলতা তৈরি করেছে। এর জেরে ওই অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.