মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বিশ্বাসযোগ্য উদ্যোগের পক্ষে মালয়েশিয়া
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সংঘাত চরমে পৌঁছেছে। এই সংঘাত নিরসনে যেকোনো বিশ্বাসযোগ্য উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছে মালয়েশিয়া। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই সমর্থনের কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে যেকোনো বিশ্বাসযোগ্য উদ্যোগ সমর্থন করতে মালয়েশিয়া প্রস্তুত রয়েছে।’
এই সংঘাত আরও প্রাণহানি ঘটানো এবং অন্যান্য দেশকে এর ভেতরে টেনে নেওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও উদ্দেশ্যমূলকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মালয়েশিয়ার পার্লামেন্টের দ্বিদলীয় নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি বলতে চাই, উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর পশ্চিম এশিয়াজুড়ে চলমান সংঘাতের মধ্যে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে সংযম প্রদর্শনের যে আহ্বান এসেছে, তাতে আমি উৎসাহিত হয়েছি।’
প্রতিবেশীদের ওপর হামলার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ক্ষমা প্রার্থনা এবং ইরানের ভূখণ্ডে হামলার কাজে ব্যবহার না হলে সংযম প্রদর্শনের প্রতিশ্রুতির দিকেই মূলত ইঙ্গিত করেছেন আনোয়ার ইব্রাহিম।
তিনি বলেন, ‘সংযম প্রদর্শনের এই আহ্বানগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়া এবং সম্মান জানানো উচিত।’
তবে পরিস্থিতি এখনো গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বারবার হামলার শিকার হয়েছে।
তিনি বলেন, ‘জ্বালানি সুবিধা, পানির স্থাপনা এবং দৈনন্দিন জীবনের জন্য লাখ লাখ মানুষের নির্ভরশীল অন্যান্য অবকাঠামোতে আঘাত হানা হয়েছে।’
বিশ্বের তেল ও জাহাজ চলাচলের পথগুলো এই জলসীমার ওপর দিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে কোনো বিঘ্ন ঘটলে তার পরিণতি এই অঞ্চলের বাইরেও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে।’
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘সব সময়ই কঠোর অবস্থান নেওয়ার পক্ষে কিছু কণ্ঠস্বর থাকবে। তবে আলোচনার দরজা খোলা থাকা সত্ত্বেও যারা আলোচনার চেয়ে সংঘাতকে বেছে নিয়েছে, ইতিহাস তাদের প্রতি খুব কমই সদয় হয়েছে। এই দরজা খোলা রাখতে প্রকৃত সাহসের প্রয়োজন।’
অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত শান্তির পক্ষে এবং ক্রমবর্ধমান এই সংকটের অবসান ঘটাতে তারা আলোচনা ও কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছে।
পার্লামেন্টে তিনি বলেন, ‘আমরা উত্তেজনা হ্রাস, সংযম এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে। সেই লক্ষ্যে আমরা এই অঞ্চলের সরকারগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাব।’
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি এই অঞ্চলের তিনটি ইরানি জাহাজকে ভারতের বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল তেহরান। নয়াদিল্লি সেই অনুমতি দেয় এবং সর্বশেষ জাহাজ ‘আইআরআইএস লাবন’ দক্ষিণ কোচি বন্দরে নোঙর করে, যার নাবিকরা এখনো ভারতীয় নৌবাহিনীর স্থাপনায় রয়েছেন।
নয়াদিল্লির এই বিবৃতি এমন এক সময়ে এল, যার কয়েক দিন আগে গত বুধবার ভারতের জলসীমার কাছে ‘আইআরআইএস দেনা’ নামের একটি ইরানি যুদ্ধজাহাজে বর্বরোচিত হামলা চালায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। এই হামলায় ১০৪ জন নাবিক নিহত এবং ৩২ জন আহত হন। আহতদের শ্রীলঙ্কার যৌথ বাহিনী উদ্ধার করে।
পরে দ্বিতীয় ইরানি জাহাজ ‘আইআরআইএস বুশেহর’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুটি ইরানি জাহাজই ভারতে অনুষ্ঠিত ‘মিলান পিস ২০২৬’ নৌ মহড়া থেকে ফিরছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ নৃশংস হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ ১ হাজার ২৫০ জনের বেশি মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এর জবাবে ইসরায়েল, ইরাক, জর্ডান এবং যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।
মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাতে অন্তত তিনজন বাংলাদেশি, পাকিস্তান ও ভারতের দুজন করে এবং চীন ও নেপালের একজন করে নাগরিক নিহত হয়েছেন।
এদিকে, শুক্রবার হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি টাগবোট ডুবে যাওয়ার পর তিন ইন্দোনেশীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.