ইরান যুদ্ধের বিশাল তহবিল নিয়ে তোপের মুখে পেন্টাগন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরান যুদ্ধের জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ২০ হাজার কোটি (২০০ বিলিয়ন) ডলারের তহবিল প্রস্তাবের তীব্র সমালোচনা করছেন দেশটির করদাতা ও আইনপ্রণেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে প্রস্তাবটি পাঠানোর আগেই এই বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই অতিরিক্ত তহবিলের বিষয়টি স্বীকার করেন।

মার্কিন সংবাদমাধ্যমে এই বিশাল অঙ্কের তহবিলের খবর প্রকাশের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ট্রাম্প জানান, শুধু ইরান ইস্যু নয়, আরও অনেক কারণেই এই অর্থ চাওয়া হচ্ছে। প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে পাঠানোর আগে হোয়াইট হাউস এটি পর্যালোচনা করছে এবং এর বিস্তারিত রূপরেখা এখনও অস্পষ্ট। তবে বিশাল অঙ্কের এই তহবিলের সমালোচনা নাকচ করার চেষ্টা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে সাংবাদিকদের তিনি বলেন, ‘খারাপ লোকদের হত্যা করতে অর্থের প্রয়োজন হয়।’
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা যা করেছি এবং ভবিষ্যতে আমাদের যা করতে হতে পারে, তার জন্য পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে কংগ্রেস ও আমাদের লোকজনের কাছে ফিরে যাচ্ছি। আমাদের গোলাবারুদের মজুত যেন পুরোপুরি পূর্ণ থাকে এবং তা যেন প্রয়োজনের চেয়েও বেশি হয়, সেটি নিশ্চিত করতে হবে।’ তবে ক্যাপিটল হিল এবং এর বাইরে এই তহবিল প্যাকেজ সমর্থনের বিষয়ে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। বিশেষ করে সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অনেক মার্কিন নাগরিক যখন অর্থনৈতিক চাপে আছেন, তখন যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি আরও বাড়িয়ে তুলবে এমন কোনো প্রস্তাবে সায় দিতে নারাজ অনেকেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, ‘ইরান যুদ্ধের জন্য ২০ হাজার কোটি ডলার খরচ হবে। যুক্তরাষ্ট্রে জিনিসপত্রের দাম বাড়ছে, মধ্যপ্রাচ্য জ্বলছে। এর মধ্যে এক ডজন সেনা মারা গেছেন এবং সামনে আরও প্রাণহানি ঘটবে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু এসব কীসের জন্য? ইরানের নতুন নেতারা পুরোনোদের চেয়েও খারাপ এবং তারা তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে।’ ক্যাপিটল হিলের উভয় কক্ষের ডেমোক্র্যাটরা এই মনোভাবের সঙ্গে একমত পোষণ করেছেন। প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালাইব বলেন, ‘আমাদের সরকারের কাছে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) বা অন্তহীন যুদ্ধের মতো সহিংসতার জন্য সবসময় অর্থ থাকে। অথচ তারা আপনাদের স্বাস্থ্যসেবায় ইতিহাসের সবচেয়ে বড় কাটছাঁট করেছে।’ ডেমোক্র্যাট সিনেটর এড মার্কি বলেন, ‘না। এই অন্তহীন ও অবৈধ যুদ্ধের জন্য আমি আর এক পয়সাও দেব না।’
প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন আরও ব্যয়ের পক্ষে সমর্থন জানালেও সরাসরি ২০ হাজার কোটি ডলারের অংকটি অনুমোদন করেননি। বরং তিনি বলেছেন যে কংগ্রেসকে অবশ্যই প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত তহবিল দিতে হবে। ক্যাপিটল হিলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে এটি বিস্তারিত ও সুনির্দিষ্ট হবে। এটি কোনো এলোমেলো সংখ্যা নয়, তাই আমরা বিষয়টি খতিয়ে দেখব।’ তবে এই প্যাকেজটি প্রতিনিধি পরিষদে পাস করাতে হলে জনসনকে তার দলের প্রায় সবার সম্মতি নিতে হবে, কারণ ডেমোক্র্যাটরা নিশ্চিতভাবেই এর তীব্র বিরোধিতা করবে। রিপাবলিকান প্রতিনিধি পিট স্টবার এই প্যাকেজ সমর্থন করেন কি না, পলিটিকো নিউজ ওয়েবসাইটের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনও কী আসতে চলেছে তা তিনি জানেন না, তাই সবকিছুই ঝুলন্ত অবস্থায় আছে। তিনি আরও বলেন, ‘আমি আপনার কোনো উত্তরের নিশ্চয়তা দিতে পারছি না।’
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের বছরে জনসনের প্রতিনিধি পরিষদের সব সদস্য এবং সিনেটের এক-তৃতীয়াংশ সদস্য পুনর্নির্বাচনের মুখোমুখি হবেন। এমন সময়ে অর্থনৈতিক চাপের মধ্যে থাকা নাগরিকদের সামনে অতিরিক্ত যুদ্ধ তহবিলের সমর্থন করা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে প্রতিনিধি পরিষদের দ্বিতীয় শীর্ষ রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস পলিটিকোকে জানান, কোনো এক পর্যায়ে তাদের মধ্যে আলোচনা হবে। তিনি আরও জানান, তবে এটি এখনও শুরু হয়নি এবং শিগগিরই তা হবে।
রিপাবলিকান পার্টির লিবারটেরিয়ানদের কাছে জনপ্রিয় সংবাদ সাময়িকী ‘রেসপনসিবল স্টেটক্র্যাফট’-এর প্রধান সম্পাদক কেলি ভ্লাহোস পেন্টাগনের এই অতিরিক্ত তহবিলের প্রয়োজনীয়তার তীব্র সমালোচনা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের মন্তব্যের জবাবে এক্সে ভ্লাহোস বলেন, ‘দয়া করে আমাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন আধুনিক। পেন্টাগনের হাতে ১৫ হাজার ৩০০ কোটি (১৫৩ বিলিয়ন) ডলার রয়েছে যা তারা এখনও বরাদ্দই করেনি। সবাই এটি জানে।’ তিনি মূলত ট্রাম্পের স্বাক্ষরিত একটি ব্যয় বিলে অন্তর্ভুক্ত পেন্টাগনের অতিরিক্ত তহবিলের কথা উল্লেখ করেছেন, যা ২০২৫ সালের ৪ জুলাই আইনে পরিণত হয়। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ওপর যুদ্ধ সরঞ্জামের ঘাটতির দায় চাপানোর যে চেষ্টা হেগসেথ করেছেন, তার জবাবে ভ্লাহোস আরও বলেন, ‘ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারি থেকে ইসরায়েলকে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আসছেন এবং তাদের স্বার্থে আমাদের নিজস্ব সম্পদ শেষ করছেন। এর দায় নিন।’
প্রগতিশীল সংবাদমাধ্যম ‘ইয়াং টার্কস’-এর সহ-প্রতিষ্ঠাতা সেঙ্ক উইগুর জানান, রিপাবলিকানরা অন্যান্য সামাজিক কর্মসূচি কাটছাঁট করে ভর্তুকি বাড়াতে অস্বীকৃতি জানানোর পর স্বাস্থ্যসেবার খরচ আকাশচুম্বী হতে দেখেছেন অনেক মার্কিন নাগরিক, তাই এখন এই তহবিল চাওয়ায় তাদের চরম ক্ষুব্ধ হওয়া উচিত। এক্সে তিনি বলেন, ‘আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি মার্কিন জনগণের স্বাস্থ্যসেবা বা খাবারের জন্য ২০ হাজার কোটি ডলার চাইতেন, তবে কংগ্রেস আপনাকে নিয়ে হাসাহাসি করত। এর জন্য কোনো অর্থ নেই! কিন্তু ইসরায়েল চাইলেই তা কংগ্রেসের মাধ্যমে পাস হয়ে যাবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.