লেবাননে প্রতিদিন বাস্তুচ্যুত ১৯ হাজার শিশু, হিজবুল্লাহর দাবি ওড়াল ইসরায়েল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলার কারণে গত তিন সপ্তাহে প্রতিদিন গড়ে ১৯ হাজার শিশু বাস্তুচ্যুত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তুমুল লড়াই চলছে। হিজবুল্লাহর ২৯টি ট্যাংক ধ্বংসের দাবি ইসরায়েল প্রত্যাখ্যান করলেও ওই অঞ্চলে তারা স্থল অভিযান আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে।

ইউনিসেফের লেবানন প্রতিনিধি মার্কোলুইগি কোরসি জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে বলেন, ‘মাত্র তিন সপ্তাহে লেবাননে ৩ লাখ ৭০ হাজারের বেশি শিশু তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এর মানে হলো, প্রতিদিন গড়ে অন্তত ১৯ হাজার ছেলে ও মেয়ে বাস্তুচ্যুত হচ্ছে।’
তিনি জানান, এই সংকট এক মাসেরও কম সময়ের মধ্যে লেবাননের প্রায় ২০ শতাংশ বা ১০ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে কোরসি বলেন, ‘এই আকস্মিক ও বিশৃঙ্খল গণবাস্তুচ্যুতি পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দিচ্ছে।’
ইউনিসেফের তথ্যমতে, লেবাননে অন্তত ১২১ জন শিশু নিহত এবং ৩৯৫ জন আহত হয়েছে। ৪৩৫টির বেশি স্কুলকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করায় ১ লাখ ১৫ হাজার শিক্ষার্থীর পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ১৩ হাজারেরও বেশি মানুষ ৬৬০টির বেশি আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে থাকছে, যা মোটেও নিরাপদ নয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর লেবানন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং জানান, পরিবারগুলো প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বাস করছে এবং শিশুদের ওপর এর মানসিক প্রভাব বর্তমান সংঘাতের চেয়েও দীর্ঘস্থায়ী হবে। তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের প্রধান সেতুগুলো ধ্বংস হওয়ায় দেড় লাখের বেশি মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা মানবিক সহায়তা পৌঁছানোর পথকে মারাত্মকভাবে সীমিত করেছে।
এদিকে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর মুখপাত্র টোমাসো দেল্লা লোঙ্গা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, রাতের বেলায় উদ্ধারকাজ চালাতে গিয়ে স্বেচ্ছাসেবকরা চরম ঝুঁকির মুখে পড়ছেন এবং এরই মধ্যে তাদের একজন স্বেচ্ছাসেবক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর ২৯টি ট্যাংক ধ্বংস বা বিকল করার যে দাবি হিজবুল্লাহ করেছিল, তা অস্বীকার করেছে ইসরায়েল। হিজবুল্লাহ দাবি করেছিল, তারা লেবাননের ভেতরে এবং ইসরায়েলের ১২০ কিলোমিটার অভ্যন্তরে ৯৬টি অভিযান চালিয়ে এই ক্ষতি করেছে।
এর জবাবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এলা ওয়াউইয়া আনাদোলু এজেন্সিকে জানান, এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং গণমাধ্যম যুদ্ধের অংশ হিসেবে হিজবুল্লাহ অতিরঞ্জিত তথ্য ছড়াচ্ছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনী এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননে চার ডিভিশনের সাম্প্রতিক লড়াইয়ে তাদের দুই সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছে।
ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো একটি অগ্রবর্তী নিরাপত্তা বলয় তৈরির লক্ষ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল লেবাননের ভূখণ্ডে আট কিলোমিটার পর্যন্ত সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করেছে এবং ইতোমধ্যে ১৮টি সামরিক অবস্থান তৈরির কাজ শুরু করেছে।
লেবাননের কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, সাম্প্রতিক এই সংঘাতে এখন পর্যন্ত ১ হাজার ১১৬ জন নিহত এবং ৩ হাজার ২২৯ জন আহত হয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.