আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। এর জেরে জার্মানিতে জ্বালানি তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পাশাপাশি দেশটিতে তীব্র ওষুধ সংকটের শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে পাকিস্তানেও জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

মধ্যপ্রাচ্য সংঘাতের বৈশ্বিক ধাক্কা: জার্মানিতে জ্বালানি ও ওষুধের সংকট, পাকিস্তানে রেকর্ড মূল্যবৃদ্ধি
পাকিস্তান ও জার্মানির পতাকা

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই পথে বাধা সৃষ্টির কারণে বিশ্বজুড়ে তেলের দামের পাশাপাশি শিপিং এবং ইন্স্যুরেন্স খরচও বেড়ে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ বাড়াচ্ছে।

জার্মানিতে জ্বালানির মূল্যের অস্বাভাবিক ওঠানামা নিয়ন্ত্রণে সরকার নতুন নিয়ম চালু করলেও তা কাজে আসছে না। জার্মান অটোমোবাইল ক্লাবের (এডিএসি) দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ ২ দশমিক ৪১৫ ইউরোতে (২.৭৯ ডলার) পৌঁছেছে। বুধবারের তুলনায় এই দাম ১১ দশমিক ৮ সেন্ট বেশি। এছাড়া পেট্রোলের (ই১০) দাম ৯ দশমিক ৮ সেন্ট বেড়ে গড়ে ২ দশমিক ১৯৮ ইউরো হয়েছে। এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, গ্যাস স্টেশনগুলো দিনে মাত্র একবার দাম বাড়াতে পারবে, তবে কমানোর ক্ষেত্রে তাদের কোনো সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের প্রভাব পড়েছে পাকিস্তানেও। স্থানীয় সংবাদমাধ্যম ডন জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার কারণে বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে পাকিস্তান সরকার। পেট্রোলের দাম প্রতি লিটারে ৩২১ দশমিক ১৭ রুপি থেকে বাড়িয়ে ৪৫৮ দশমিক ৪০ রুপি (১.৬৪ ডলার) করা হয়েছে। পাশাপাশি হাই-স্পিড ডিজেলের দাম ৩৩৫ দশমিক ৮৬ রুপি থেকে বাড়িয়ে ৫২০ দশমিক ৩৫ রুপি (১.৮৬ ডলার) নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এই মূল্যবৃদ্ধির কথা জানান দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। তিনি জানান, চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে গেছে যা শুধু ওই অঞ্চল নয়, পুরো বিশ্বকেই গ্রাস করেছে।

জ্বালানি সংকটের পাশাপাশি জার্মানিতে ওষুধ সরবরাহেও বড় ধরনের ঘাটতির সতর্কতা জানিয়েছে দেশটির ফার্মাসিউটিক্যাল শিল্প। ফার্মা ডয়েচল্যান্ডের প্রধান নির্বাহী ডোরোথি ব্রাকম্যানের বরাত দিয়ে জার্মান দৈনিক বিল্ড জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাত জার্মানির ফার্মাসিউটিক্যাল শিল্পকেও প্রভাবিত করছে। এই অঞ্চলের কাঁচামালের ওপর নির্ভরশীল অনেক ওষুধ ও প্যাকেজিংয়ের উৎপাদন ব্যাহত হতে পারে এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সরবরাহ শৃঙ্খলে চাপ পড়ছে।

স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক ডেভিড মাতুসিউইচ বলেন, ‘এই মুহূর্তে ব্যাপকভিত্তিক সংকটের কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই, তবে ঝুঁকি ক্রমশ বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘সংঘাত যত দীর্ঘ হবে, ডেলিভারিতে বিলম্ব, দাম বৃদ্ধি বা নির্দিষ্ট কিছু ওষুধের সাময়িক ঘাটতি হওয়ার আশঙ্কা তত বেশি হবে।’

বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, কোল্ড চেইন বা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় এমন ওষুধগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে রয়েছে ক্যানসারের ওষুধ, অটোইমিউন রোগের আধুনিক বায়োলজিকস এবং ইনসুলিনের মতো জরুরি ওষুধ। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী নিনা ওয়ার্কেন জানিয়েছেন, বর্তমানে তাৎক্ষণিক কোনো বিপদ না থাকলেও অনেক গুরুত্বপূর্ণ ওষুধের চালান হরমুজ প্রণালী হয়েই আসে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.