আপনি পড়ছেন

জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সীমিত করবে না বার্লিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার জল্পনা নাকচ করে বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

জার্মানিতে মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারে কোনো বিধিনিষেধ থাকছে না
ফ্রিডরিখ মের্ৎস

বার্লিনে এক সংবাদ সম্মেলনে ফ্রিডরিখ মের্ৎস জানান, ইরান সংঘাত নিয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক এক ফোনালাপে তিনি ন্যাটো জোটের ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘জার্মানিতে মার্কিন বাহিনীর সামরিক অবকাঠামো ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রত্যাহার বা বিধিনিষেধ নিয়ে আমরা আলোচনা করিনি।’ তিনি আরও বলেন, ‘ঘাঁটি স্থাপনের চুক্তি বহাল রয়েছে এবং মার্কিন বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই চুক্তির আওতার মধ্যে থেকে কাজ করেছে কি না, তা নিয়ে জার্মান সরকারের সন্দেহ প্রকাশের কোনো কারণ নেই।’

চ্যান্সেলর আরও জানান, জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনার কথা ট্রাম্প তোলেননি।

ইরান যুদ্ধের সময় যেসব ন্যাটো দেশ সহযোগিতা করেনি, তাদের থেকে সেনা সরিয়ে মিত্র দেশগুলোতে সেনা মোতায়েন করার কথা ভাবছে ওয়াশিংটন—মার্কিন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এই মন্তব্য করলেন জার্মান চ্যান্সেলর। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে পর্যাপ্ত সহযোগিতা না করা মিত্র দেশগুলোকে শাস্তির আওতায় আনতে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।

সামরিক যাতায়াত সীমিত করা বা আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্সসহ বেশ কয়েকটি ইউরোপীয় অংশীদার দেশের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা। জার্মানি এমন কোনো বিধিনিষেধ আরোপ না করলেও, দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের একটি মন্তব্যের জেরে ওয়াশিংটনের কড়া সমালোচনার মুখে পড়ে বার্লিন। পিস্টোরিয়াস বলেছিলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি।’

ফ্রিডরিখ মের্ৎস সতর্ক করে জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে তৈরি হওয়া মতপার্থক্য যেন কোনোভাবেই জোটটিকে দুর্বল না করে।

তিনি বলেন, ‘গতকাল আমাদের ফোনালাপে আমরা ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেছি।’ জার্মান চ্যান্সেলর আরও বলেন, ‘বর্তমানে এই জোটের কোনো বিকল্প নেই এবং আমি এটি টিকিয়ে রাখতে ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মিলে এটিকে আরও এগিয়ে নিতে অত্যন্ত আগ্রহী।’

ফ্রিডরিখ মের্ৎস বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, এই যুদ্ধ যেন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় ন্যাটো অংশীদারদের মধ্যে সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ না করে তোলে, যা এরই মধ্যে ট্রান্সআটলান্টিক সম্পর্কের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি ন্যাটোর মধ্যে কোনো বিভাজন চাই না। ন্যাটো আমাদের, বিশেষ করে ইউরোপের নিরাপত্তার এক অন্যতম রক্ষাকবচ।’

ইরান সংঘাতে ন্যাটোর সাড়াদান নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যখন আমাদের প্রয়োজন ছিল তখন ন্যাটো পাশে ছিল না এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে তারা পাশে থাকবে না।’

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, সংঘাতের সময় ন্যাটোকে পরীক্ষা করা হয়েছিল এবং তারা ব্যর্থ হয়েছে বলে মনে করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে, গত ছয় সপ্তাহ ধরে ন্যাটো মার্কিন জনগণের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ এই মার্কিন জনগণই তাদের প্রতিরক্ষার জন্য অর্থায়ন করে আসছে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.