আপনি পড়ছেন

মাত্র চার দিন পর পবিত্র ঈদুল আজহা। এখন ঈদের আনন্দ উপভোগে নাড়ির টানে বাড়ি ফেরা পালা। আজ শনিবার থেকে ট্রেনে ঘরমুখী মানুষের আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়েছে। যারা ১৩ মে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তারা নিজ গন্তব্যের উদ্দেশে ঢাকা ছাড়ছেন।

ঈদযাত্রা শুরু: যাত্রীর চাপ কম, স্টেশনে প্রবেশে কড়াকড়ি
ছবি- সংগৃহীত

এখনো সরকারি ছুটি শুরু হয়নি। তবুও আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। ট্রেনে যাত্রীর চাপ অনেক কম। টিকিট ছাড়া স্টেশনে প্রবেশে কড়াকড়ি করা হয়েছে।

কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, স্টেশনে প্রবেশে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্টেশনের প্রবেশমুখে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বুথ বসেছে। মূল ফটকে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। ওই বেষ্টনীর ভেতর দিয়েই যাত্রীদের প্রবেশ করানো হচ্ছে।

স্টেশনে প্রবেশের আগে প্রথম ধাপে যাত্রীদের টিকিট পরীক্ষা করছেন টিটিরা। এরপর প্ল্যাটফর্মে প্রবেশের আগে দ্বিতীয় দফায় টিকিট দেখা হচ্ছে। যাদের টিকিট নেই, তাদের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।

প্ল্যাটফর্ম ঘুরে দেখা যায়, সরকারি ছুটি শুরু হবে ২৫ মে। ফলে আজ যারা ঢাকা ছাড়ছেন, তাদের বেশির ভাগই কর্মজীবী মানুষের পরিবার-পরিজন, ছোট ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের ঈদের আগে তেমন জরুরি কাজ নেই। তবে অন্য দিনের তুলনায় সকাল থেকেই রাজধানী ছাড়তে মানুষের ভিড় কিছুটা বেড়েছে।

কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও যাত্রীর চাপ দেখা গেছে। আসনের অতিরিক্ত অনেক যাত্রী স্ট্যান্ডিং টিকিট নিয়ে ভ্রমণ করছেন। ফলে ট্রেনের ভেতরে আসনের বাইরে যাত্রীদের দাঁড়িয়ে যাত্রা করতে দেখা যায়।

সকাল সাড়ে ৮টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অন্তত ৯টি ট্রেন ছেড়ে গেছে। বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়েই ঢাকা ছেড়েছে। তবে নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সাড়ে ৭টায় ছেড়ে যায়। তিস্তা এক্সপ্রেস সকাল সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও সকাল ৮টা ১০ মিনিটে ছাড়ে। রংপুর এক্সপ্রেস ৯টা ১০ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও সাড়ে ৯টায় ছেড়েছে।

রেলওয়ে সূত্র জানায়, আজ সারা দিনে কমলাপুর রেলস্টেশন থেকে মোট ৫৫টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৪৩টি আন্তনগর ট্রেন এবং বাকিগুলো মেইল ও কমিউটার।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক কবীর উদ্দীন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ট্রেনের ছাদেও কাউকে উঠতে দেওয়া হবে না। সকাল থেকে যেসব ট্রেন কিছুটা দেরিতে ছেড়েছে। তবে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে গেছে।

এদিকে যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, বর্তমানে রেলের যে প্রস্তুতি রয়েছে, তাতে ঈদযাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখছে না কর্তৃপক্ষ।

আজ সকাল ১০টায় কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সচবি। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি ও ভ্রাম্যমাণ আদালত মোতায়েন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রেলসচিব বলেন, টিকিট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে ঢুকতে না পারে, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রী চাপের কারণে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। ঈদের সময় রেলের চাহিদা অনেক বেশি থাকে, যা পুরোপুরি পূরণ সম্ভব হয় না।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.