আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার আঞ্চলিক শান্তির প্রতি হুমকির বিষয়ে সতর্ক করে ইসলামাবাদ এই আহ্বান জানায়। দেশ দুটির মধ্যে বর্তমানে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: কূটনৈতিক সমাধানের তাগিদ পাকিস্তানের
ইসহাক দার

চীনের আয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের বিতর্কে অংশ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এসব কথা বলেন। ওই বিতর্কের বিষয়বস্তু ছিল ‘জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি সমুন্নত রাখা এবং জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালীকরণ’। সেখানে ইসহাক দার বলেন, ‘আরেকটি দীর্ঘস্থায়ী সংঘাত কারও উপকারে আসবে না; এটি আঞ্চলিক শান্তি বিপন্ন করবে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত করবে, মানবিক দুর্ভোগ বাড়াবে এবং ইতোমধ্যে ভঙ্গুর আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও চাপের মুখে ফেলবে।’

দার বলেন, ‘সামনের পথ কূটনীতির ওপর নির্ভর করছে। কূটনীতি কোনো দুর্বলতা নয়; সংলাপ মানে ছাড় দেওয়া নয়; আর শান্তিপূর্ণ সমাধান শেষ বিকল্পও নয়।’

দক্ষিণ ইরানে মাইন স্থাপনকারী নৌকা ও ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ‘আত্মরক্ষামূলক’ হামলার ঘোষণার কয়েক ঘণ্টা পরই দারের এই মন্তব্য সামনে আসে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সামরিক হামলা চালালে সশস্ত্র সংঘাত শুরু হয়। পরবর্তীতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করে আসছে ইসলামাবাদ।

দার বলেন, ‘আমরা এমন একটি টেকসই সমাধানে পৌঁছানোর জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়েছি, যার ফলে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসে এবং সবার জন্য সমুদ্রপথ উন্মুক্ত থাকে। আমরা দৃঢ়তা ও একাগ্রতার সঙ্গে এই মহৎ প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

পাকিস্তানের প্রতি সমর্থন ও আস্থা রাখার জন্য যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্ক, চীন, সৌদি আরব, মিশর ও কাতারকে ধন্যবাদ জানান তিনি। এ সময় দার বলেন, ‘পুরো বিশ্ব নজর রাখছে; আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তার স্বার্থে আমাদের অবশ্যই সফল হতে হবে।’

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ‘দ্বৈত নীতি’ এবং পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করেন দার। তিনি কাশ্মির বিরোধের সমাধানের আহ্বান জানানোর পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

আন্তর্জাতিক আইন মেনে চলা, সংলাপ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি কখনোই অস্বীকৃতি, একপাক্ষিকতা বা নিপীড়নের ওপর ভিত্তি করে গড়ে উঠতে পারে না। পানিসম্পদ সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ কাঠামো হলো সিন্ধু পানি চুক্তি। এই চুক্তি স্থগিত রাখার চেষ্টার সঙ্গেও শান্তি সহাবস্থান করতে পারে না।’

ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, দখলদারিত্ব, সম্মিলিত শাস্তি, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং অবৈধ বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে ‘কোনো টেকসই শান্তি’ আসতে পারে না।

তিনি নিরাপত্তা পরিষদকে বলেন, ‘গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে এবং এ বিষয়ে আমাদের নিরবচ্ছিন্ন মনোযোগ দেওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পাকিস্তান তার অটুট সমর্থন পুনর্ব্যক্ত করছে। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ওপর ভিত্তি করে আল-কুদস আল-শরিফকে (জেরুজালেম) রাজধানী করে একটি স্বাধীন, টেকসই ও অবিচ্ছেদ্য ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আমাদের এই অবস্থান।’

দার বলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছে, তা নীতিমালার অভাবের কারণে নয়। বরং সংকটটি হলো এর বেছে বেছে প্রয়োগের মধ্যে। তিনি বলেন, ‘যখন এক অঞ্চলে দখলদারিত্বের নিন্দা করা হয়, অথচ অন্য অঞ্চলে তা সহ্য করা হয় বা সমর্থন দেওয়া হয়, তখন ন্যায়বিচার ক্ষুণ্ন হয়। যখন নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো সুবিধামতো প্রয়োগ করা হয়, তখন এই পরিষদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। যখন শক্তিশালী রাষ্ট্রগুলো আইনের বাইরে কাজ করে, তখন ছোট রাষ্ট্রগুলো ভাবতে বাধ্য হয় যে সনদটি সব জাতিকে সমানভাবে সুরক্ষা দেয় কি না।’

সুবিধামতো নীতির প্রয়োগকে বিপজ্জনক উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, ‘জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে কেবল ধারাবাহিকতা, সমতা এবং আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমেই শক্তিশালী করা যেতে পারে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.