বিদ্যুৎমন্ত্রী: দেশে বিদ্যুতের সংকট নেই, পিক আওয়ারে সাময়িক বিভ্রাট হচ্ছে
- Details
- by ২৪ ডেস্ক
দেশে বিদ্যুতের সামগ্রিক কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে চাহিদা বৃদ্ধি, জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতা, সঞ্চালন ব্যবস্থার ত্রুটি কিংবা বৈরী আবহাওয়ার কারণে কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও তা বিদ্যুতের ঘাটতির কারণে নয়। রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছে যায়। সেই চাহিদা পূরণের মতো উৎপাদন সক্ষমতা বর্তমানে দেশের রয়েছে। তবে জ্বালানি সরবরাহ, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সীমাবদ্ধতা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝে মধ্যে সরবরাহ ব্যাহত হয়।
তিনি বলেন, লোডশেডিং বলতে বিদ্যুতের উৎপাদন ঘাটতির কারণে সরবরাহ বন্ধ হওয়াকে বোঝায়। বর্তমানে দেশে সে ধরনের সংকট নেই। ঝড়, গাছ পড়ে যাওয়া কিংবা লাইনের ত্রুটির কারণে যে সাময়িক বিভ্রাট হয়, তা প্রকৃত অর্থে লোডশেডিং নয়।
সংসদে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় আরও ৭ হাজার ৯২৮ মেগাওয়াট ক্ষমতার ৩২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে।
একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব বাড়ানো হয়েছে। বর্তমানে ১ হাজার ১৭২ মেগাওয়াট ক্ষমতার ২৬টি নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। এছাড়া ৬৬৫ মেগাওয়াট সক্ষমতার আরও ১৫টি প্রকল্প দরপত্র প্রক্রিয়ায় রয়েছে, যেগুলো ২০৩০ সালের মধ্যে উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশের শতভাগ জনগণ ইতোমধ্যে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। এখন সরকারের লক্ষ্য হলো নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ খাতকে আরও আধুনিক ও টেকসই করতে জীবাশ্ম জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
দক্ষিণ এশিয়াজুড়ে সম্ভাব্য দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। বিদ্যুতের সম্ভাব্য চাহিদা বিবেচনায় উৎপাদন পরিকল্পনা সমন্বয় করা হয়েছে এবং গ্যাস, কয়লা ও তরল জ্বালানির সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবে বিশেষ পরিস্থিতিতে কিছু এলাকায় সীমিত পরিসরে লোড ব্যবস্থাপনার প্রয়োজন হতে পারে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, খুলনা অঞ্চলের দুটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে। ভোলা থেকে গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং কেন্দ্রগুলো চালু হলে ওই অঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতির আরও উন্নতি হবে।
চরাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও প্রত্যন্ত এলাকায় বিদ্যুতায়ন নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রিড সম্প্রসারণ ব্যয়বহুল হওয়ায় অনেক ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ও ব্যাটারিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকায় সোলার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পল্লী এলাকায় ট্রান্সফরমার চুরি রোধে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। এ ধরনের অপরাধ দমনে প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.